সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২০ ১৪৩২   ১৪ শা'বান ১৪৪৭

স্টারলিংক নিজস্ব স্মার্টফোন আনতে পারে: ইলন মাস্কের ইঙ্গিত

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০৫:১০ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

পৃথিবীর নিম্ন কক্ষপথে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট পাঠিয়ে সারা বিশ্বে মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিয়ে আসছে আলোচিত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক। ইন্টারনেট সেবা পরিচালনার পাশাপাশি ভবিষ্যতে নিজস্ব ব্র্যান্ডের স্মার্টফোন বাজারে আনতে পারে স্টারলিংক। এ বিষয়ে স্টারলিংক আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না দিলেও ইলন মাস্কের সাম্প্রতিক এক মন্তব্যে এমন আভাস পাওয়া গেছে। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ফোনটি সরাসরি স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সেবার সঙ্গে যুক্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

সম্প্রতি খুদে ব্লগ লেখার সাইট এক্সে এক ব্যবহারকারী লিখেছিলেন, ‘স্টারলিংক ফোন হলে দারুণ হতো।’ সেই পোস্টের উত্তরে মাস্ক লেখেন, ‘এটি অসম্ভব নয়।’ মাস্কের এই মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে নিজস্ব ব্র্যান্ডের স্মার্টফোন তৈরি করতে পারে স্টারলিংক। তবে স্টারলিংকের তৈরি ফোনটি প্রচলিত ফোনের মতো নাও হতে পারে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে। তবে স্টারলিংক ফোনের হার্ডওয়্যার বা প্রযুক্তিগত বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেননি মাস্ক।

 

স্টারলিংক ফোনে বাড়তি কোনো যন্ত্রের সহায়তা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকলে তা অনেকের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। বিশেষ করে যেসব অঞ্চলে নিরবচ্ছিন্ন মোবাইল বা ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা নেই, সেখানে ফোনটি বেশ কার্যকর ভূমিকা রাখতে পারে। স্টারলিংক ইন্টারনেট সেবার মতো ফোনটির দাম তুলনামূলকভাবে বেশি হওয়ার সম্ভাবনা থাকলেও নির্দিষ্ট ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

এক্সে স্টারলিংক ফোনের পাশাপাশি আরেকটি মন্তব্যের কারণে প্রযুক্তি বিশ্বে সম্প্রতি বেশ আলোচনার জন্ম দিয়েছেন ইলন মাস্ক। সেই পোস্টে মাস্ক দাবি করেন, হোয়াটসঅ্যাপ নিরাপদ নয় এবং সিগন্যালের নিরাপত্তাও প্রশ্নবিদ্ধ। সমস্যা সমাধানে এক্স চ্যাট ব্যবহারেরও পরামর্শ দেন তিনি। তবে এক্সের ‘কমিউনিটি নোটস’–এর তথ্যমতে, এক্স চ্যাটে এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকলেও এতে ফরওয়ার্ড সিক্রেসি নেই। অর্থাৎ কোনো এনক্রিপশন কী ফাঁস হলে আগের বার্তাগুলোর নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়তে পারে।

 

স্টারলিংকের এই সম্ভাব্য পদক্ষেপ প্রযুক্তি জগতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। যদি সত্যি হয়, তাহলে স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবার সঙ্গে এআই-চালিত স্মার্টফোনের সমন্বয় বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে।