সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২০ ১৪৩২   ১৪ শা'বান ১৪৪৭

চ্যাটজিপিটি গুগল ট্রান্সলেটকে টেক্কা দিতে চায়

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত : ১১:৪৯ এএম, ২ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

২০২২ সালের নভেম্বরে প্রথম আত্মপ্রকাশের পর থেকেই চমক দিয়ে আসছে ওপেনএআই-এর চ্যাটজিপিটি। গুগলকে টেক্কা দেওয়াই এই সংস্থার অন্যতম লক্ষ্য। সেই লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল চ্যাটজিপিটি। এবার চ্যাটজিপিটি ট্রান্সলেট নিয়ে নতুন বিবৃতি দিয়েছে ওপেনএআই। জানা গেছে, এই নতুন ট্রান্সলেশন টুলের লক্ষ্য হলো বিভিন্ন ভাষায় নির্ভুল ও স্বাভাবিক অনুবাদের সেবা দেওয়া। কার্যত গুগল ট্রান্সলেটকে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়াই এই টুলের মূল উদ্দেশ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ওপেনএআইয়ের এই ঘোষণার পর থেকেই প্রযুক্তিজগতে আলোচনা শুরু হয়েছে।

 

তবে উল্লেখ্য, চ্যাটজিপিটিতে অনুবাদের সুবিধা আগে থেকেই ছিল। নতুন টুলে এই অভিজ্ঞতা আরও উন্নত ও স্বচ্ছন্দ হবে। ওপেনএআই জানিয়েছে, “চ্যাটজিপিটি ভাষা ব্যবহারে বরাবরই পারদর্শী। সঠিক ভাব ও সাংস্কৃতিক সূক্ষ্মতা বজায় রেখে ৪০টিরও বেশি ভাষায় নির্ভুল অনুবাদ করতে পারে এটি। চ্যাটজিপিটি ট্রান্সলেট সেই সক্ষমতাকেই তুলে ধরবে এবং আমরা একে আরও উন্নত করার লক্ষ্যে কাজ করছি।”

 

বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঘোষণার মাধ্যমে গুগলকে সরাসরি চ্যালেঞ্জ করছে ওপেনএআই। গুগল ট্রান্সলেটর ২৪৯টি ভাষা সমর্থন করে। অন্যদিকে চ্যাটজিপিটি এখনো স্বচ্ছন্দে ৪৭টি ভাষায় কাজ করে। তবে নতুন টুলে এই সংখ্যা বাড়বে এবং অনুবাদের মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। নাম না করলেও এই বিবৃতিতে গুগলের মতো টেক জায়ান্টকে নতুন করে চ্যালেঞ্জ ছুঁড়েছে ওপেনএআই। যুগটা এআইয়ের। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দুনিয়ায় চমকের পর চমক সৃষ্টি করে চলেছে। ফলে প্রযুক্তি সংস্থাগুলোর মধ্যে প্রতিযোগিতা তীব্র হয়ে উঠেছে।

 

গত নভেম্বরে ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান লিখেছিলেন, “আমরা একটি সংস্থা হিসেবে যথেষ্ট শক্তি নির্মাণ করেছি। এতে দুর্দান্ত মডেল তৈরি করে প্রতিযোগিতায় এগিয়ে যেতে পারি।” গুগলের সঙ্গে ‘রেস’-এর প্রসঙ্গে তিনি স্বীকার করেছেন, এই লড়াইয়ে এগিয়ে গেছে গুগল। তবে সেই সঙ্গে দাবি করেছেন, এই এগিয়ে থাকা সাময়িক। এবার নতুন ঘোষণায় সেই কথাই আবার প্রতিফলিত হয়েছে। চ্যাটজিপিটি ট্রান্সলেট নিয়ে এই পদক্ষেপ অনুবাদের জগতে নতুন প্রতিযোগিতার সূচনা করতে পারে।