সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২০ ১৪৩২   ১৪ শা'বান ১৪৪৭

ফেব্রুয়ারিতে খালি চোখে দেখা যাবে ছয় গ্রহ

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত : ১১:০৬ এএম, ২ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

মহাকাশপ্রেমীদের জন্য এই ফেব্রুয়ারি মাসটি হতে যাচ্ছে অসাধারণ। মাসজুড়ে আকাশে একের পর এক বিস্ময়কর মহাজাগতিক দৃশ্য দেখা মিলবে। এ মাসেই খালি চোখে সৌরজগতের ছয়টি গ্রহ দেখার সুযোগ মিলবে। সঙ্গে থাকছে বিরল বলয়গ্রাস সূর্যগ্রহণ। তাহলে জেনে নেওয়া যাক এই বিরল মহাজাগতিক ঘটনার দিনক্ষণ। আলফা সেন্টোরিড উল্কাবৃষ্টি বছরের শুরুতে উল্কাবৃষ্টির খুব একটা দেখা যায় না। কিন্তু ফেব্রুয়ারিতে ‘আলফা সেন্টোরিড’ উল্কাবৃষ্টি কিছুটা হলেও সেই শূন্যতা পূরণ করবে। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আকাশে এই উল্কাবৃষ্টি দেখা যাবে। তবে সবচেয়ে ভালো দেখা যাবে ৮ ফেব্রুয়ারি রাতে। আকাশ পরিষ্কার ও অন্ধকার থাকলে প্রতি ঘণ্টায় অন্তত ছয়টি করে উল্কা দেখার সুযোগ মিলতে পারে। এই উল্কাবৃষ্টি মূলত দক্ষিণ গোলার্ধের দেশগুলো থেকে সবচেয়ে ভালো দেখা যায়। উত্তর গোলার্ধের একদম দক্ষিণ দিকের কিছু অঞ্চল থেকেও দেখা সম্ভব। মাঝরাতের পর সেন্টোরাস নক্ষত্রপুঞ্জের দিকে তাকালেই এই চমৎকার দৃশ্য দেখা যাবে।

 

বলয়গ্রাস সূর্যগ্রহণ আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে এক বিরল বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘অ্যানুলার সোলার ইক্লিপস’। এই গ্রহণে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না। কারণ চাঁদ তখন পৃথিবী থেকে বেশ দূরে থাকে। ফলে চাঁদের চারপাশ দিয়ে সূর্যের আলো দেখা যায়, যা দেখতে উজ্জ্বল ‘অগ্নিবলয়’ বা আগুনের আংটির মতো লাগে। সূর্যগ্রহণের পূর্ণ রূপটি মূলত অ্যান্টার্কটিকা ও দক্ষিণ ভারত মহাসাগর এলাকা থেকে দেখা যাবে। আর্জেন্টিনা, চিলি, বোতসোয়ানা এবং দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো থেকে এর আংশিক রূপ দেখার সুযোগ মিলবে।

 

চাঁদ ও বুধের দেখা ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় আকাশে এক অদ্ভুত সুন্দর দৃশ্য দেখা যাবে। অমাবস্যার ঠিক এক দিন পর এদিন চাঁদের একটি সরু রেখা দেখা যাবে বুধ গ্রহের একদম কাছাকাছি। বাইনোকুলার দিয়ে দারুণ দেখাবে। এই দৃশ্য দেখতে খোলা কোনো জায়গায় যেতে হবে। কারণ চাঁদ ও বুধ উভয়ই দিগন্তের নিচের দিকে থাকবে। সূর্যাস্তের পর প্রায় এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত এদের আকাশে দেখা যাবে। এ সময় আশপাশে শনি ও শুক্র গ্রহেরও দেখা মিলতে পারে। সাবধানতা অবলম্বন করা জরুরি—সূর্য পুরোপুরি ডুবে যাওয়ার আগে কখনোই টেলিস্কোপ বা বাইনোকুলার দিয়ে আকাশের ওই দিকে তাকানো যাবে না। সরাসরি সূর্যের দিকে তাকালে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে।

 

বুধ গ্রহকে দেখার সেরা সুযোগ ১৯ ফেব্রুয়ারি বুধ গ্রহ সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী অবস্থানে পৌঁছাবে। সূর্যাস্তের ঠিক পরেই পশ্চিম দিগন্তের দিকে তাকালে ঝকঝকে এই গ্রহটি দেখা যাবে। এই মাসের চাঁদ ও অন্যান্য গ্রহের সারিবদ্ধ হওয়ার সময়েই বুধকে দেখার এমন সুবর্ণ সুযোগ এসেছে। প্যারেড অব প্ল্যানেট ফেব্রুয়ারির শেষ দিকে রাতের আকাশে এক অপূর্ব দৃশ্য দেখা যাবে। আকাশে গ্রহদের এই সারিবদ্ধ অবস্থানকে বলা হয় ‘প্যারেড অব প্ল্যানেট’ বা গ্রহের মিছিল। ২০ ফেব্রুয়ারি থেকে মার্চের শুরু পর্যন্ত সন্ধ্যার আকাশে সারিবদ্ধভাবে ছয়টি গ্রহ দেখা যাবে। সূর্যাস্তের ঠিক এক ঘণ্টার মধ্যে পশ্চিম আকাশে তাকালে শুক্র, বুধ ও শনি গ্রহকে একসঙ্গে দেখতে পাবেন। শনির খুব কাছ দিয়ে ঘুরে বেড়াবে নেপচুন। পুব দিকে মাঝবরাবর দেখা যাবে উজ্জ্বল বৃহস্পতি। দক্ষিণ আকাশে ‘কৃত্তিকা’ নক্ষত্রপুঞ্জের পাশে থাকবে ইউরেনাস। শুক্র, বুধ, শনি ও বৃহস্পতিকে খালি চোখে দেখা গেলেও নেপচুন ও ইউরেনাস দেখতে ভালো টেলিস্কোপ বা বাইনোকুলার লাগবে।

 

মিল্কিওয়ের উজ্জ্বল কেন্দ্র আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ের মাঝখানের উজ্জ্বল অংশটি সবসময় দেখা যায় না। শীতের সময় এটি আকাশের নিচের দিকে থাকে। ফলে দেখা যায় না। কিন্তু ফেব্রুয়ারির শেষ দিক থেকে এটি আবার রাতের আকাশে দেখা যাবে। শহরের আলো থেকে দূরে কোনো অন্ধকার জায়গায় গেলে এই দৃশ্যটি দারুণভাবে দেখা মেলে। ফেব্রুয়ারিতে এটি দেখতে হলে ভোরে উঠতে হবে। সূর্য ওঠার কয়েক ঘণ্টা আগে দক্ষিণ-পূর্ব দিকের আকাশে তাকালে মিল্কিওয়ের উজ্জ্বল কেন্দ্রটি দেখা যাবে। এই ফেব্রুয়ারি মাস মহাকাশপ্রেমীদের জন্য সত্যিই অবিস্মরণীয় হয়ে উঠতে চলেছে।