সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২০ ১৪৩২   ১৪ শা'বান ১৪৪৭

উত্তরাঞ্চল সফর শেষে আজ খুলনা ও যশোরে সমাবেশে যাবেন তারেক রহমান

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত : ১০:৪৩ এএম, ২ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

উত্তরাঞ্চলে তিন দিনের নির্বাচনি সফর শেষে আজ সোমবার খুলনা ও যশোরে দুটি সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে খুলনায় পৌঁছাবেন তিনি। দুপুর ১২টার দিকে খালিশপুর প্রভাতি হাই স্কুল মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন। এরপর দুপুর দেড়টার দিকে হেলিকপ্টারে যশোরে যাবেন।

 

গতকাল রোববার খুলনার একটি অভিজাত হোটেলে প্রেস ব্রিফিংয়ে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল জানান, সমাবেশে খুলনা ছাড়াও বাগেরহাট, সাতক্ষীরা জেলার বিএনপি প্রার্থীরা উপস্থিত থাকবেন। তারেক রহমান খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরবেন।

 

উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল, খুলনা-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাবেক মেয়র মনিরুজ্জামান মনি প্রমুখ।

 

নেতারা জানান, তারেক রহমান খুলনার অবহেলিত শিল্পাঞ্চলের শ্রমিকদের কথা শুনতে চান। তাই শিল্পাঞ্চলে সমাবেশের আয়োজন। তিনি বন্ধ মিল-কারখানা চালু, যুবসমাজের কর্মসংস্থান, উপকূলীয় অঞ্চলের টেকসই বেড়িবাঁধ, গ্যাস সংযোগ, মোংলা বন্দর নিয়ে পরিকল্পনা তুলে ধরবেন।

 

সমাবেশকে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ নির্বাচনি সমাবেশে রূপ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সমন্বয়, আবাসন, শৃঙ্খলা, মিডিয়াসহ ছয়টি উপকমিটি গঠন করা হয়েছে। মঞ্চ তৈরি ও আধুনিক সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে। সমাবেশ থেকে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ১৪টি আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। পরে তিনি যশোরের উদ্দেশে খুলনা ত্যাগ করবেন।

 

যশোরে সমাবেশ হবে উপশহর কলেজ মাঠে। জনসমাগম ও যানজটের বিষয় বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সমাবেশে যশোরের ছয়টি সংসদীয় আসনসহ মোট সাত জেলার বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে। প্রেস ক্লাব যশোরে সংবাদ সম্মেলনে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ (সদর) আসনের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, মাত্র দুই দিনের নোটিশে এত বড় সমাবেশ আয়োজন করতে নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করছেন। আশা করা হচ্ছে, এটি যশোরে বিএনপির সর্ববৃহৎ জনসমাবেশে পরিণত হবে।

 

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশে সমাবেশ সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দলীয় সূত্র জানায়, যশোরের সমাবেশ শেষে বিকেলেই হেলিকপ্টারে ঢাকায় ফিরে যাবেন বিএনপি চেয়ারম্যান।