রোববার   ০১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ১৯ ১৪৩২   ১৩ শা'বান ১৪৪৭

টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০১:২১ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৬ রোববার

ছবি: শাহরিয়ার শ্রাবণ

ছবি: শাহরিয়ার শ্রাবণ

টাকার বিনিময়ে  অবৈধভাবে রেল ভ্রমণের সুযোগ করে দেওয়ার অভিযোগে তিন রেলকর্মী সাময়িক বরখাস্ত। রবিবার (১ ফেব্রুয়ারি)
টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে টাকার বিনিময়ে অবৈধভাবে রেল ভ্রমণের সুযোগ করে দেওয়ার অভিযোগে বাংলাদেশ রেলওয়ের তিন কর্মীকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ।

 

শনিবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্ব) এর স্বাক্ষরিত আদেশে তাদের বরখাস্ত করা হয়। বরখাস্তকৃত কর্মীরা হলেন—ঢাকা থেকে চট্টগ্রামগামী ৭০৪ নম্বর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনের এন বগিতে দায়িত্বপ্রাপ্ত স্টুয়ার্ড মো. আরিফ, স্টুয়ার্ড ম্যানেজার মো. জুয়েল রানা এবং কন্ডাক্টর গার্ড মো. মোস্তাফিজুর রহমান লিমন (গার্ড গ্রেড-২), ঢাকা হেড কোয়ার্টার।

রেল কর্তৃপক্ষ জানায়, গত ১৮ জানুয়ারি উক্ত ট্রেনে দায়িত্ব পালনকালে তারা টাকার বিনিময়ে কতিপয় যাত্রীকে টিকিট ছাড়াই ভ্রমণের সুযোগ করে দেন—এমন অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে। অভিযোগের প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট তিন কর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অভিযোগের বিষয়ে পরবর্তী তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

এ তথ্য নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) রেজাউল করিম সিদ্দিকী।