আজ ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না
প্রকাশিত : ১১:৪৯ এএম, ২৯ মে ২০১৯ বুধবার
পাইপলাইন প্রতিস্থাপনের জন্য আজ ভোর ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৯ ঘণ্টা ঢাকার জয়দেবপুর চৌরাস্তা থেকে বনানী রেলক্রসিং পর্যন্ত সব শিল্প-কারখানা ও সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের কাছে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের অ্যালাইনমেন্টের মধ্যে বিদ্যমান গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন করা হবে। এ কাজের জন্য জয়দেবপুর চৌরাস্তা থেকে বনানী রেলক্রসিং পর্যন্ত ১৬ ইঞ্চি ব্যাসের পাইপলাইনের সঙ্গে সংযুক্ত সব শিল্প ও সিএনজি গ্রাহকের গ্যাস সরবরাহ বুধবার সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বন্ধ থাকবে।
এছাড়া, এ সময়ে উত্তরা, জোয়ারসাহারা ও বারিধারা ডিওএইচএস এলাকায় থাকা সব আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহক স্বল্পচাপে গ্যাস পাবেন।
জানা গেছে, পাইপলাইন প্রতিস্থাপনের কাজটি সোমবার করার কথা ছিল। তবে বিশেষ কারণে শেষ পর্যন্ত তা আর করা যায়নি।
এ বিষয়ে তিতাসের পরিচালক (অপারেশন) কামরুজ্জামান জানান, সোমবারের বদলে বুধবার পাইপলাইন প্রতিস্থাপনের কাজটি করা হবে। এ কাজটি সময় সাপেক্ষ এবং লাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে কাজটি করতে হয়। তাই বুধবার এক বিজ্ঞপ্তিতে ওই এলাকাসমূহের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
তবে কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সরবরাহ স্বাভাবিক হবে বলে জানান তিনি।
গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য তিতাসের পরিচালক (অপারেশন) কামরুজ্জামান দুঃখ প্রকাশ করেছেন।
