ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে যা জানাল ইনকিলাব মঞ্চ
রাফিউল ইসলাম তালুকদার
প্রকাশিত : ০৬:৪২ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৫ শনিবার
গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন এবং তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
শনিবার (১৩ ডিসেম্বর) ওসমান হাদির সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে সংবাদমাধ্যমকে জানান ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। তিনি বলেন, “ওসমান হাদির ‘ইন্টারনাল রেসপন্স’ আছে। তিনি এখনো আশঙ্কামুক্ত নন। চিকিৎসকরা তাকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন। তারা এর চেয়ে বেশি কিছু বলতে পারছেন না।”
মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী ওসমান হাদির বর্তমান অবস্থা সম্পর্কে কিছুটা আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘শরিফ ওসমান হাদি বর্তমানে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন এবং রক্ত গ্রহণ করছেন, যা তার স্বাস্থ্যের জন্য ইতিবাচক। আমরা আশাবাদী, তাকে অতি দ্রুত উন্নত চিকিৎসার জন্য ভালো কোনো জায়গায় নেওয়া হবে। তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।’
এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত ৮টা ৬ মিনিটে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি হাসপাতালে পৌঁছায়।
ঘটনার বিবরণ অনুযায়ী, শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে রিকশায় করে গন্তব্যে ফিরছিলেন ওসমান হাদি। এ সময় রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় পেছন থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্ত খুব কাছ থেকে তার মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার মাথার ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বেরিয়ে যায়। হামলার পর মোটরসাইকেলের গতি বাড়িয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা।
গুরুতর আহত অবস্থায় ওসমান হাদিকে প্রথমে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন ওসমান হাদি। তার শারীরিক অবস্থার ওপর পরবর্তী চিকিৎসা সিদ্ধান্ত নির্ভর করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
