এনসিপিকে শাপলার পরিবর্তে থালাবাটি দিতে চায় ইসি
মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন, স্টাফ রিপোর্টার
প্রকাশিত : ০১:৩৪ পিএম, ১ অক্টোবর ২০২৫ বুধবার
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করেছে যে শাপলা প্রতীক বরাদ্দে কোনো আইনি বাধা না থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন (ইসি) তাদের ‘হাস্যকর প্রতীক’ দেওয়ার চেষ্টা করছে। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বাংলামটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
তিনি বলেন, ইসির পাঠানো নিবন্ধন সংক্রান্ত চিঠিতে এনসিপির জন্য আলমিরা, উটপাখি, কাপ-পিরিচ ও থালাবাটির মতো প্রতীক রাখা হয়েছে। এগুলোকে ‘হাস্যকর’ উল্লেখ করে তিনি দাবি করেন, ইসি স্বেচ্ছাচারী ও বৈষম্যমূলক আচরণ করছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, “আমরা আগেই জানিয়েছি— এনসিপির শাপলা প্রতীক পাওয়ায় কোনো আইনি বাধা নেই। কিন্তু কমিশন অযৌক্তিকভাবে আপত্তি তুলছে। স্বাধীন ও নিরপেক্ষ হওয়ার পরিবর্তে ইসি এখন একদলীয় অফিসে পরিণত হয়েছে। তাদের কার্যক্রম সংবিধানকেও প্রশ্নবিদ্ধ করছে।”
তিনি অভিযোগ করেন, অন্যান্য রাজনৈতিক দলের প্রতীক জাতীয় প্রতীক থেকে নেওয়া হলেও এনসিপির ক্ষেত্রে ব্যতিক্রম করা হচ্ছে। “প্রতীক না পেলে আমরা সাংবিধানিক ও গণতান্ত্রিক উপায়ে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাব,” বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন জানান, ‘জাতীয় লীগ’ নামে একটি নতুন দল নিবন্ধনের প্রক্রিয়ায় রয়েছে, অথচ এ দলকে কখনো মিছিল, সভা বা সেমিনার করতে দেখা যায়নি। এ কারণে ইসির কার্যক্রম নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে বলেও তিনি দাবি করেন।
এ সময় তিনি আওয়ামী লীগ আমলে নিবন্ধন পাওয়া দলগুলোর নিবন্ধন বাতিলেরও দাবি জানান।
সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
