‘এই সময়’-এ প্রকাশিত ফখরুলের সাক্ষাৎকার নিয়ে বিএনপির বিবৃতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৫ বুধবার
ভারতের সংবাদমাধ্যম এই সময়-এ প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারকে সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া বলে আখ্যা দিয়েছে দলটি।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি কলকাতার বাংলা দৈনিক এই সময়-এ ‘নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল’ শিরোনামে একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। তবে বিএনপি দাবি করেছে, মহাসচিব মির্জা ফখরুল কোনো বিদেশি গণমাধ্যমকে এ ধরনের সাক্ষাৎকার দেননি।
বিবৃতিতে বলা হয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপি মহাসচিব ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য কল্পিত এই সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। এর উদ্দেশ্য দেশের জনগণের মনে বিভ্রান্তি, সন্দেহ ও সংশয় তৈরি করা।
দলটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, বিদেশি গণমাধ্যমে প্রকাশিত ওই অসত্য প্রতিবেদনে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই এবং জনগণসহ বিএনপির নেতাকর্মীরা বিষয়টি পরিষ্কারভাবে উপলব্ধি করছেন।
