বাঁধ নির্মাণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: পাউবো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৫:১৯ পিএম, ২৮ জানুয়ারি ২০২৩ শনিবার
পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক আমিনুল হক ভূঁইয়া বলেছেন, বাঁধ নির্মাণে কোনো ধরনের অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। হাওড়ের ফসল সুরক্ষা বাঁধের ঝুঁকিপূর্ণ অংশের কাজ আগে শেষ করতে হবে।
বাঁধ পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক আমিনুল হক ভূঁইয়া।
শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা মাটিয়ান হাওরের বিভিন্ন ফসল বাঁধের নির্মাণ কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত ২১৮টি ঝুঁকি পূর্ণ অংশের মধ্যে ১৮৩ অংশের বাঁধের কাজ শুরু হয়েছে। বাকিগুলোতে দ্রুত কাজ করতে হবে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হাওড়ের বোরো ফসলের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্য হাওরের সকল বাঁধের কাছ শেষ করা হবে।’
এ সময় তিনি বাঁধের গুণগত মান বজায় রাখার পাশাপাশি টেকসই বাঁধ নির্মাণে বাঁধের গোড়া থেকে মাটি উত্তোলনে বিরত থাকতে সংশ্লিষ্ট পিআইসিদের নির্দেশনা দেন। বাঁধ নির্মাণ কাজে কোনো ধরনের অনিয়ম প্রশ্রয় দেয়া হবে না বলে জানান তিনি। বাঁধ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পাউবোর প্রধান প্রকৌশলী শহীদুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রবীর কুমার গোস্বামী, সুনামগঞ্জ নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা।
এর আগে তাহিরপুর উপজেলা হলরুমে কাবিটা নীতিমালার আলোকে সুষ্ঠুভাবে হাওর রক্ষা বাঁধ নির্মাণের জন্য তাহিরপুর উপজেলাধীন বাঁধের পিআইসি সদস্যদের নিয়ে বিশেষ কর্মশালা ও মতবিনিময় সভা করেন পাউবো কর্মকর্তারা। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, তাহিরপুর উপজেলায় ১১৩ প্রকল্পের মধ্যে ৮৪ কিলোমিটার বাঁধ নির্মাণে ২০ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া জেলার ১২ উপজেলার বিভিন্ন হাওরের বোরো ফসলের সুরক্ষায় বাঁধ নির্মাণের জন ১১০২ প্রকল্পে ২০৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়।
