সোনামসজিদ সীমান্তে ১০৭ বোতল বিদেশী মদ উদ্ধার
আব্দুল্লাহ আল মামুন,
প্রকাশিত : ০৬:৫৭ পিএম, ১৮ জানুয়ারি ২০২৩ বুধবার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকায় ১০৭ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে বিজিবি। বুধবার (১৮ জানুয়ারি) ভোরে সীমান্তের বালিয়াদিঘী এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব বিদেশী মদ উদ্ধার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবি’র রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে বুধবার ভোর সাড়ে ৫টায় সোনামসজিদ বিওপির নায়েক মোঃ গোলাম হায়দারের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াদিঘী নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১০৭ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে। আটককৃত মদের ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।
তিনি আরো জানান, ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
