শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৩ রমজান ১৪৪৭

পুলিশ সদস্যরা বিপদে পড়লে পাশে থাকবো: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৬:৩৭ পিএম, ১৭ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার

বক্তব্য রাখেন ডিএমপি কমিশনার

বক্তব্য রাখেন ডিএমপি কমিশনার

পুলিশ সদস্যরা সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে বিপদে পড়লে বা ব্যক্তিগত কিংবা পারিবারিক সমস্যায় সবসময় তাদের পাশে থাকবেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাজধানীর গুলশানে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনে সর্বস্তরের পুলিশ সদস্যদের সঙ্গে এক বিশেষ কল্যাণ সভায় এ কথা বলেন তিনি।

খন্দকার গোলাম ফারুক বলেন, কনস্টেবল থেকে কমিশনার সবাই মিলে আমরা টিম ডিএমপি। তোমাদের কষ্টে দেখে আমাদের কাজ করার সুযোগ নেই। দায়িত্ব পালন করতে গিয়ে কোনো বিপদ-আপদ আসলে বা ব্যক্তিগত কিংবা পারিবারিক সমস্যায় সবসময় পাশে থাকবো।

ডিএমপি কমিশনার আরও বলেন, তোমাদের কাছে একটাই চাওয়া, পুলিশের মর্যাদা অক্ষুণ্ন রেখে দুই কোটি নগরবাসীর নিরাপত্তা সবাই মিলে আমরা নিশ্চিত করবো। নিরাপত্তা দেওয়ার বিষয়ে আরও সতর্ক থাকতে হবে।

সভায় সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম। এছাড়া ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনের সাংগঠনিক কাঠামো ও দৈনন্দিন কর্মযজ্ঞ উপস্থাপন করেন তিনি। বিশেষ কল্যাণ সভায় ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাদের সুনির্দিষ্ট কিছু সমস্যা ও চাহিদার কথা কমিশনারের কাছে পেশ করেন। ডিএমপি কমিশনার সবার বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।

বিশেষ কল্যাণ সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ড. খ মহিদ উদ্দিন, যুগ্ম পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) হামিদা পারভীন, উপ-পুলিশ কমিশনার ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।