শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৩ রমজান ১৪৪৭

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ‘শিশুবক্তা’ রফিকুলের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০১:২৩ পিএম, ১৭ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার

গাজীপুরের বাসন থানার ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী ও হাফেজ মাসুম বিল্লাহর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। 

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে আগামী ১ মার্চ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন। এদিন অভিযোগ গঠনের সময় দুই আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচারের প্রার্থনা করেন। ২০২১ সালের ৭ এপ্রিল ভোরে রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে তাকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

২০২১ সালের ১১ এপ্রিল গাজিপুরের বাসন থানায় মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ২০ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. সাখাওয়াত হোসেন আদালতে অভিযোগপত্র জমা দেন।

মামলার অভিযোগে বলা হয়— রফিকুল ইসলাম মাদানী ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য ছড়াচ্ছেন। দেশের সাধারণ মানুষ এসব বক্তব্যের কারণে বিভ্রান্ত হচ্ছেন। বিভ্রান্ত হয়ে তারা দেশের সম্পত্তির ক্ষতি করছেন।