শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৩ রমজান ১৪৪৭

রাজাকারদের তালিকা প্রকাশ কবে জানা যাবে ১৭ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৯:৪১ এএম, ১২ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

রাজাকারদের তালিকা প্রকাশের পর আগামী ফেব্রুয়ারি মাসের শেষ দিকে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান।
ফেনী সরকারি কলেজ বধ্যভূমি স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজ পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান।

তিনি বলেন, রাজাকারদের তালিকা প্রস্তুতের কাজ প্রায় একাংশ শেষ করেছি। এতে ৩ সদস্যের একটি কমিটি কাজ করছে। এরইমধ্যে দেড় শতাধিক উপজেলার তালিকা এসেছে।
রাজাকারদের তালিকা প্রকাশ প্রসঙ্গে এই বীর মুক্তিযোদ্ধা বলেন, তালিকা একসঙ্গে নাকি ধাপে ধাপে প্রকাশ করা হবে তা চলতি মাসের ১৭ তারিখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সভায় সিদ্ধান্ত হবে। বুধবার (১১ জানুয়ারি) দুপুরে ফেনী সরকারি কলেজ বধ্যভূমি স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন শাজাহান খান।

তথ্য জটিলতায় রাজাকারদের তালিকা প্রস্তুতে সময়ক্ষেপণ হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময়কালে বিভিন্ন উপজেলা কমান্ডার এবং স্থানীয় পর্যায়ে যারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোক ছিলেন তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে হচ্ছে। কোনো কোনো জায়গায় জেলা রেকর্ড রুমে কিছু তথ্য থাকলেও তা পূর্ণাঙ্গ নয়। এটি একটি সমস্যা দেখা দিয়েছে। তবুও আমরা যতটা পেয়েছি তা নিয়ে কাজ করছি।

মুক্তিযোদ্ধা সংসদের নতুন কমিটি গঠন প্রসঙ্গে শাজাহান খান বলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে গঠন করেন। এটির একটি সংবিধান ও গঠনতন্ত্র আছে। সে গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদকাল ৩ বছর। এ সময়ে নির্বাচন করতে না পারলে জেলা পর্যায়ে জেলা প্রশাসক ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। যেহেতু আমরাও ৩ বছরের মধ্যে কমিটি করতে পারেনি সেজন্য আগের কমিটি বিলুপ্ত করে প্রশাসক নিয়োগ করা হয়েছে। 

কমিটি গঠন করতে না পারার কারণ উল্লেখ করে তিনি বলেন, রাজাকারদের পূর্ণাঙ্গ তালিকার কাজ শেষ করতে না পারায় এ সমস্যা। ভুলক্রমে বা উদ্দেশ্যমূলকভাবে অনেককে মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত করা হয়েছিল আবার অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা বাদও পড়েছিল। এগুলো যাচাই-বাছাই করতে গিয়ে কমিটি গঠন করা যাচ্ছে না।

এ সময় ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহামুদ উল হাসান, ফেনী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল মোতালেবসহ সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।