বাংলাদেশের পোশাক খাতের সঙ্গে ‘অন্যায়’ করা পশ্চিমা ব্র্যান্ড কারা?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৭:৪০ পিএম, ১১ জানুয়ারি ২০২৩ বুধবার
করোনাভাইরাস মহামারি মধ্যে উপকরণ ও উৎপাদন খরচ ব্যাপক হারে বেড়ে যাওয়া সত্ত্বেও বাংলাদেশের পোশাক কারখানাগুলোকে সেই অনুযায়ী অর্থ দেয়নি বেশ কয়েকটি বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ড। এর ফলে শ্রমিকদের ন্যূনতম মজুরি দিতে হিমশিম খেতে হয়েছে কারখানাগুলোকে। সম্প্রতি যুক্তরাজ্যের অ্যাবারডিন ইউনিভার্সিটির এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। এ বিষয়ে মঙ্গলবার (১০ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সূত্রে ‘‘বাংলাদেশি পোশাক খাতের সঙ্গে ‘অন্যায়’ করেছে বৈশ্বিক ব্র্যান্ডগুলো’’ শিরোনামে একটি প্রতিবেদন করেছিল জাগো নিউজ। সেই প্রতিবেদনে ‘অন্যায়কারী’ ব্র্যান্ডগুলোর নাম উল্লেখ ছিল না। তবে বুধবার আরেক ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান অভিযুক্ত সংস্থাগুলোর নাম প্রকাশ করেছে।
খবরে বলা হয়েছে, ব্রিটিশ ফ্যাশন ব্র্যান্ড লিডল, জারা’র মালিক ইনডিটেক্স, এইচঅ্যান্ডএম এবং নেক্সটের বিরুদ্ধে মহামারির মধ্যে প্রায় দুই বছর বাংলাদেশি পোশাক সরবরাহকারীদের উৎপাদন খরচের চেয়ে কম অর্থ দেওয়ার অভিযোগ উঠেছে। ২০২২ সালের মার্চ মাস থেকে ২০২১ সালের ডিসেম্বর মাস পর্যন্ত বাংলাদেশের এক হাজার পোশাক কারখানার পরিস্থিতি নিয়ে এ গবেষণা চালানো হয়েছে। দাতব্য সংস্থা ট্রান্সফর্ম ট্রেডের সহযোগিতায় এটি পরিচালনা করেছে অ্যাবারডিন ইউনিভার্সিটির বিজনেস স্কুল।
জরিপে দেখা গেছে, লিডলের ১৯ শতাংশ, ইনডিটেক্সের ১১ শতাংশ, এইচঅ্যান্ডএমের নয় শতাংশ এবং নেক্সটের আট শতাংশ বাংলাদেশি সরবরাহকারী তাদের সঙ্গে ‘অন্যায় আচরণ’র অভিযোগ তুলেছে। অভিযোগ উঠেছে টেসকো এবং জার্মান ব্র্যান্ড অ্যালডির বিরুদ্ধেও। প্রথম চারটি ব্র্যান্ডের বেশিরভাগ সরবরাহকারী গবেষকদের বলেছেন, করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারি ঘোষণার প্রায় দুই বছর পরেও তাদের একই হারে অর্থপ্রদান করা হচ্ছে। অথচ এর মধ্যে কাঁচামাল এবং উৎপাদন খরচ অনেকটাই বেড়ে গেছে। আইরিশ ব্র্যান্ড প্রাইমার্কের প্রায় অর্ধেক সরবরাহকারী অভিযোগ করেছেন, তাদের টাকা দেওয়ার হার বাড়েনি। এক-তৃতীয়াংশের বেশি বলেছেন, তাদের ক্রয়াদেশ বাতিল করা হয়েছে।
গবেষকরা দেখেছেন, চার বা ততোধিক কারখানা থেকে পোশাক কেনে এমন বড় বড় ব্র্যান্ডগুলোর মধ্যে ৯০ শতাংশই ‘অন্যায় ক্রয় অনুশীলন’-এ জড়িত। এই ‘অন্যায়’ অনুশীলনগুলোর মধ্যে রয়েছে ক্রয়াদেশ বাতিল, অর্থপ্রদানে ব্যর্থতা, অর্থপ্রদানে বিলম্ব, মূল্যছাড় বা ডিসকাউন্ট দাবি। রয়েছে বাধ্যতামূলক ওভারটাইম ও হয়রানির মতো পরোক্ষ প্রভাবও।
