গোপালগঞ্জে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন
অঞ্জুন বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত : ০৪:২০ পিএম, ৭ জানুয়ারি ২০২৩ শনিবার
ঘন কুয়াশার সাথে বইছে হিমেল হাওয়া। গত কয়েকদিন ধরে জেলায় সূর্যের মুখ
দেখা যায়নি। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি
সেলসিয়াস।
শনিবার সকাল থেকে জেলায় দেখা মেলেনি সূর্যের। বিভিন্ন স্থানে আগুন
জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। তবে সবচেয়ে কষ্টে পড়েছে
ছিন্নমুল ও খেটে খাওয়া মানুষেরা। অভাবের তাড়নায় শীত উপে¶া বাইরে বের হলেও
গরম কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছেন তারা।
আবার শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে যাচ্ছেন নানান বয়সীরা।
হাসপাতালে চিকিৎসকরা যথার্থ সেবা দিতে হিমসিম খাচ্ছেন।
বৃষ্টির ফোঁটার মত পড়ছে কুয়াশা। দুর্ঘটনা এড়াতে কুয়াশাচ্ছন্ন সড়ক-
মহাসড়ক দিয়ে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।
গোপালগঞ্জ শহরের রিকশাচালক কার্তিক বলেন, ঠান্ডায় রিকশা চালানোই কঠিন
হয়ে পড়েছে। শীতের কারণে অনেকেই বাসা থেকে বের হচ্ছেন না। এজন্য আমাদের
আয় অনেকটা কমে গেছে।
সদরের পুরতান মানিকদাহ গ্রামের কৃষক রাজু বিশ্বাস বলেন, তীব্র শীতের কারণে
আমরা জমিতে যেতে পারছি না। বর্তমানে ইরি ধানের সময়, কাজেরও অনেক চাপ।
তারপরেও আমরা শীতের কারণে জমিতে যেতে পারছি না। শীতের কারণে শ্রমিকও
পাচ্ছি না।
গোপালগঞ্জ আবহাওয়া অফিসের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সুফিয়ান
জানিযেছেন, আরো ২-৩ দিন জেলায় কুয়াশা থাকবে। আগামি সপ্তাহে জেলার
তাপমাত্রা আরো কমবে বলে জানিয়েছেন তিনি।
