শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৩ রমজান ১৪৪৭

চমেকে ২৮তম ব্যাচের ব্যতিক্রমী পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১০:০৩ এএম, ৪ জানুয়ারি ২০২৩ বুধবার

এই ব্যাচের অনেক মেধাবী শিক্ষার্থী বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বহু নামিদামি চিকিৎসা প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা দিচ্ছেন এবং বৈশ্বিক স্বাস্থ্য শিক্ষা ও গবেষণায় অবদান রাখছেন। বাংলাদেশের সারা প্রান্ত, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপ থেকে ২৮তম ব্যাচের অধিকাংশ ছাত্রছাত্রী ছুটে এসেছিল তাদের প্রিয় ক্যাম্পাসে। অনেকেই সাথে করে নিয়ে এসেছিল তাদের পরিবার-পরিজনকে।jagonews24

এ পুনর্মিলনীর মূল স্বপ্নদ্রষ্টা একই ব্যাচের ইংল্যান্ড প্রবাসী প্রথিতযশা ইউরোলজিস্ট ডা. আব্দুল মাবুদ চৌধুরী ফয়সাল। অথচ কোভিড-১৯ অতিমারির শুরুতেই করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমাতে হয় তাকে। তার স্মৃতি ধারণ করেই পুনর্মিলনীর নাম দেওয়া হয়েছিল ‘ফয়সাল স্মারক পুনর্মিলনী’। চমেকের সব ছাত্র-ছাত্রীদের হোস্টেলগুলোতে সৌজন্য ভোজসভার মধ্য দিয়ে এ পুনর্মিলনী শুরু হয়। প্রাক্তন ছাত্ররা বর্তমান ছাত্রদের সঙ্গে হোস্টেলে একসঙ্গে বসে নৈশভোজ ও মতবিনিময় করেন। সব প্রাক্তন শিক্ষকদের সম্মাননা দেওয়া হয়। এটিও ছিল একটি অনন্য আয়োজন।jagonews24

এছাড়া কলেজের শিক্ষক আর গুনীজনদের জন্য ‘চাঁটগাইয়া মেজবান’ আয়োজন করা হয়। রাতে অনুষ্ঠিত হয় ২৮তম ব্যাচের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাইলস ব্যান্ডের কনসার্ট। এ পুনর্মিলনীর একটি অসাধারণ অংশ ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজের জন্য একটি ‘ডিজিটাল অ্যাডুকেশনাল আই টি হাব’ তৈরি করে তা কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা। ২৮তম ব্যাচের বন্ধুরা ডা. ফয়সালের স্মৃতির উদ্দেশে এ আই টি হাবটির নামকরণ করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজের অনুষ্ঠান শেষ করে ২৮তম ব্যাচের চিকিত্সকরা দুদিন কক্সবাজারে সি পার্ল রিসোর্টে মেতে ওঠেন পুরোনো দিনের স্মৃতি রোমন্থনে। ৩০ বছর পর তাদের এ অসাধারণ পুনর্নিলনীতে সবাই গান, কবিতা আর নাচে মুহূর্তগুলো রাঙিয়ে তোলেন।