শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৩ রমজান ১৪৪৭

বোয়ালখালীতে ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১২:৩৫ পিএম, ৩ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার

চট্টগ্রামের বোয়ালখালীতে মো. সোলাইমান (২৮) নামে এক ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে বোয়ালখালী পৌরসভার বুড়িপুকুর পাড় এলাকার কৃষি ব্যাংকের পেছনের একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সোলাইমান বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী মাহাদারো বাড়ির আবুল কালামের ছেলে।
নিহতের ছোট ভাই মো. ফোরকান জানান, সোলাইমান ভাঙারির ব্যবসা করতেন। প্রতিদিন পাড়ায় পাড়ায় ঘুরে ভাঙারির জিনিসপত্র কিনতেন। প্রতিদিনের মতো সোমবার সকালে ভাঙারি কিনতে ভ্যান নিয়ে বের হয়েছিলেন সোলাইমান। এরপর আর বাড়ি ফিরেনি।
বোয়ালখালী থানার ওসি মো. আবদুর রাজ্জাক বলেন, খবর পেয়ে নিহত সোলাইমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গায়ে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। পকেটে থাকা টাকা, ভ্যানের চাবি ও সঙ্গে প্লাস্টিকের একটি বোতল পাওয়া গেছে। এছাড়া ব্যাটারিচালিত অটোরিকশাটি পাওয়া গেছে।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোলাইমান মাতাল অবস্থায় জমিতে পড়ে গিয়েছিলেন। জমির জমা পানিতে ডুবে যাওয়ায় আর উঠতে পারেননি।
মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান ওসি।