প্রতিবন্ধীদের জন্য চাকরিমেলা ৭ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৯:৫১ এএম, ৩ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার
প্রতিবন্ধীদের জন্য চাকরিমেলা ৭ জানুয়ারিবিশেষভাবে সক্ষম বা প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের লক্ষ্যে আগামী ৭ জানুয়ারি চাকরিমেলার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। মেলায় অংশগ্রহণে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্ত জমা নেওয়া শুরু হয়েছে।
ঢাকার আগারগাঁওয়ে এনজিও বিষয়ক ব্যুরোর অফিস ভবনে অনুষ্ঠিত হবে এই মেলা। আগ্রহীরা সিভি বা জীবনবৃত্তান্ত দিতে পারবেন এই লিংকের মাধ্যমে।
জমা পড়া সিভির মধ্য থেকে যাদের তথ্য প্রযুক্তির দক্ষতা রয়েছে, তাদের বাছাই করা হবে।
বিসিসি’র মাধ্যমে ২০১১ সাল থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিনামূল্যে আইসিটি প্রশিক্ষণ চালু করা হয়। পরে আইসিটি প্রশিক্ষণ নেওয়া প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য চাকরিপ্রার্থী ও চাকরিদাতা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ২০১৫ সাল থেকে চাকরিমেলার আয়োজন করা হচ্ছে।
বিভিন্ন ট্রেডবডি বা অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত আইসিটি ভিত্তিক প্রতিষ্ঠানসমূহ এই মেলায় অংশ নিচ্ছে।
এরমধ্যে রয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), সাইবার ক্যাফে ওনার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) সদস্যভুক্ত প্রতিষ্ঠানগুলো।
এবার এই মেলার মাধ্যমে শতাধিক ব্যক্তির চাকরির ব্যবস্থা করা সম্ভব হবে বলে আশা করছেন আয়োজকরা।
