দেশের মানুষের অহংকারের মুকুটে আরেকটি পালক যুক্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০২:৩০ পিএম, ২৮ ডিসেম্বর ২০২২ বুধবার
মেট্রোরেলকে বাংলাদেশের উন্নয়ন, অগ্রযাত্রার আরেকটি পালক হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, স্বপ্নের মেট্রোরেল উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের মানুষের অহংকারের মুকুটে আরেকটি পালক যুক্ত হলো।
মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে আজ বুধবার দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে আয়োজিত সুধী সমাবেশে দেওয়া ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী। মেট্রোরেল প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের উন্নয়ন, অগ্রযাত্রায় আমরা আরেকটি পালক দিতে পারলাম, এটাই বড় কথা।”
অনেক টাকা খরচ করে মেট্রোরেল করা হয়েছে জানিয়ে সরকারপ্রধান বলেন, “এই মেট্রোরেল সংরক্ষণ করা সবার দায়িত্ব। যাতে মেট্রোরেলের কোনো কিছু নষ্ট না হয়, সেজন্য তিনি সবাই তা ব্যবহারে যত্নশীল হতে আহ্বান জানিয়েছেন।”
প্রধানমন্ত্রী বলেন, “একটু আগেই মেট্রোরেলের উদ্বোধন করছি। নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে সেবা করার সুযোগ দিয়েছিলেন জনগণ। এজন্য সবাইকে শুভেচ্ছা।” তিনি আরও বলেন, “আজ আবার প্রমাণিত হলো আ.লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়।”
শেখ হাসিনা বলেন, “এমআরটি লাইন-৬ আজ যাত্রা শুরু করছে।” তিনি জানান, “প্রতি মেট্রো ট্রেনে নারীদের জন্য আলাদা বগি থাকবে, আলাদা টয়লেট থাকবে। বাচ্চাদের পরিচর্যা করার সুযোগ থাকবে। বীর মুক্তিযোদ্ধারা পুরোপুরি ফ্রি চলাচল করবেন।”
তিনি জানান, এই রেল চালুর ফলে জিডিপির প্রবৃদ্ধি হবে। অর্থনীতিতে গতি সঞ্চারিত হবে। দৈনিক যাতায়াতের যে সময় নষ্ট হয়, টাকাপয়সা নষ্ট হয় তা আর হবে না। আধুনিক পরিবহন ব্যবস্থা হবে এই মেট্রোরেল।
সরকারপ্রধান বলেন, “মেট্রোরেল পরিচালনায় চারগুণ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। আমরা স্মার্ট জনশক্তি গড়ে তুলব।” মেট্রোরেলকে পরিবেশবান্ধর হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “শব্দ ও কম্পন্ন দূষণমাত্রার অনেক নিচে থাকবে মেট্রোরেল।”
