শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

হঠাৎ করে জেঁকে বসেছে শীত, বাড়ছে রোগবালাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৯:৫৫ এএম, ১৯ ডিসেম্বর ২০২২ সোমবার

হঠাৎ করে দিনাজপুরে জেঁকে বসেছে শীত। এই তীব্র শীতে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া, সর্দিজ্বরে আক্রান্ত হচ্ছে শিশুরা। গত এক সপ্তাহে শীতজনিত রোগে জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে অন্তত চার শতাধিক শিশু রোগী।

এদিকে অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।
জানা গেছে, হঠাৎ করে জ্বর, সর্দিকাশি হওয়ার পর বাড়িতে কোনো সমাধান না হওয়ায় হাসপাতালে আসতে হয়েছে অনেককে। এ ছাড়া আউটডোরে প্রতিদিন  প্রাথমিক চিকিৎসা নিয়ে রোগীরা বাড়ি ফিরছেন। সরকারি হাসপাতাল, অরবিন্দ শিশু হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রতিদিন বাড়ছে শিশু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় অরবিন্দ শিশু হাসপাতালে নিউমোনিয়া আর জ্বর সর্দিকাশি নিয়ে ভর্তি হয়েছেন ৩২ জন।

অরবিন্দ শিশু হাসপাতালের সেবিকারা জানান, রোগীর চাপ বেশি থাকায় তাদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে গ্রামাঞ্চল থেকে শিশুদের নিয়ে অভিভাবকরা গভীর রাতেও আসছেন হাসপাতালে। নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি। উপায় না পেয়ে অভিভাবকদের ভিড় করছেন হাসপাতালে।

অরবিন্দ শিশু হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার আবদুর রউফ অভিভাবকদের পরামর্শ দিয়ে বলেছেন, খেয়াল রাখতে হবে শিশুদের যেন ঠান্ডা না লাগে। তাদের তরল গরম খাবার খাওয়ানোর পাশাপাশি নিজেদেরও সতর্ক থাকতে হবে।

দিনাজপুর অরবিন্দ শিশু হাসপাতালে শীতজনিত রোগে ১২১ শিশু চিকিৎসা নিচ্ছে। জেলা সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪ শতাধিক শিশু রোগী ভর্তি রয়েছে।