শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

বৈমানিক হলেন ৪ পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৫:০৮ পিএম, ৩১ অক্টোবর ২০২২ সোমবার

তারা হলেন— সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার হোসাইন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মুশফিকুল হক, সহকারী পুলিশ সুপার ফাতেমা-তুজ-জোহরা ও সহকারী পুলিশ সুপার মো. আবুল হোসাইন।

সোমবার (৩১ অক্টোবর) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মনজুর রহমান এ তথ্য জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি আর্মি এভিয়েশন স্কুলে নবীন বৈমানিকদের সার্টিফিকেট দেন ও তাদের ফ্লাইং ব্রেভেট পরিয়ে দেন। এসময় পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর্মি এভিয়েশন গ্রুপের অধীন এভিয়েশন স্কুলের সার্বিক তত্ত্বাবধানে সেনাবাহিনী, নৌ বাহিনী এবং পুলিশ বাহিনীর মোট ১০ জন তরুণ অফিসার ‘এভিয়েশন বেসিক কোর্স-১২’ সম্পন্ন করেছেন।
প্রশিক্ষণার্থীদের মধ্যে সেনাবাহিনীর পাঁচজন সেসনা-১৫২ অ্যারোবেট বিমানে ৭০ ঘণ্টা এবং নৌ ও বাংলাদেশ পুলিশের পাঁচজন ডায়মন্ড ডিএ-৪০ এনজি বিমানে ৭০ ঘণ্টা উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করেন।

সেসনা-১৫২ অ্যারোবেট বিমানের প্রশিক্ষণার্থীদের মধ্যে শ্রেষ্ঠ বৈমানিক নির্বাচিত হয়েছেন ক্যাপ্টেন মো. আবু তালহা আরেফিন, এএসসি এবং ডায়মন্ড ডিএ-৪০এনজি বিমানে শ্রেষ্ঠ বৈমানিক নির্বাচিত হয়েছেন সিনিয়র সরকারি পুলিশ সুপার মো. সারোয়ার হোসাইন।

সহকারী পুলিশ সুপার ফাতেমা-তুজ-জোহরা বাংলাদেশ পুলিশের প্রথম নারী বৈমানিক হওয়ার গৌরব অর্জন করেছেন।