শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

সব সমস্যা সরকার একা সমাধান করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১০:১০ এএম, ২৯ অক্টোবর ২০২২ শনিবার

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডেঙ্গু সমস্যাসহ সবকিছু সরকার একা সমাধান করতে পারবে না। সরকার একটা গাইডলাইন দেবে, সেটা জনগণকে মেনে চলতে হবে।

বুধবার (২৬ অক্টোবর) শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশের চিকিৎসা সেবার চলমান কাজ শেষ হলে নিজ এলাকাতেই চিকিৎসা নিতে পারবেন রোগীরা। তাদের আর ঢাকায় আসতে হবে না। দেশের  বিশেষায়িত হাসপাতালগুলো অনেক বড় বড় অপারেশন করছে। তাদের সক্ষমতা বেড়েছে।


শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইন্টসিটিউট ও হাসপাতাল আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বর্তমান ডেঙ্গু সমস্যা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু সমস্যা প্রকট হওয়ায় শয্যা সংকট হচ্ছে। এরইমধ্যে উত্তর সিটি করপোরেশনের আওতায় এক হাজার শয্যা প্রস্তুত করা হয়েছে। কিছু রোগী ভর্তিও হয়েছে। করোনার সময় বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে ব্যবহৃত ৪০০ শয্যাও ব্যবহার করা যাবে। সরকার সব ধরনের চেষ্টা করে যাচ্ছে।

শয্যা সংকট সমাধানে কাজ চলছে জানিয়ে মন্ত্রী বলেন, আগামীতে জেলা পর্যায়েই বড় বড় রোগের চিকিৎসা সেবা পাবে জনগণ। দেশেই যাতে সব রোগের চিকিৎসা সম্ভব হয়, সে ব্যবস্থাই সরকার করছে।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িতদের নিয়ে বিএনপি রাজনীতি করে মন্তব্য করে মন্ত্রী বলেন, করোনার সময় দেশের মানুষের পাশে দেখা না গেলেও বিএনপির তোড়জোড় রয়েছে ক্ষমতায় যাওয়ার জন্য। তারা বিদ্যুৎ নিয়ে কথা বলে, কিন্তু দেশের মানুষ জানে তাদের শাসনামলে বিদ্যুৎ কোন কোন সময় আসতো। বর্তমানে বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় সবকিছুর ওপর প্রভাব পড়েছে বলে জানান তিনি।


অনুষ্ঠানে বক্তারা শেখ রাসেলসহ তার পরিবারের মর্মান্তিক হত্যাকাণ্ডের স্মৃতিচারণ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের চিকিৎসা ব্যবস্থার যে আমুল পরিবর্তন হয়েছে, তা দিয়ে দেশের মানুষকে সর্বোচ্চ সেবা দিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার খুরশিদ আলম বলেন, আমাদের ডাক্তার ও নার্সরা অত্যন্ত দক্ষ। যার প্রমাণ মিলেছে করোনাকালীন। তবে দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে দেশজুড়ে মনিটরিং কার্যক্রমে আমরা হাসপাতালগুলোতে সন্তুষ্ট হতে পারছি না। তবে আমরা সর্বোচ্চ সেবা দিতে পারি, সে সক্ষমতা আমাদের আছে। তিনি সবাইকে আন্তরিকতা, মানবিকতা নিয়ে চিকিৎসা সেবা দেয়ার পরামর্শ দেন।

সভায় আন্তর্জাতিক মানের সেবা দিতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউটকে সবদিক দিয়ে সহযোগিতা করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। সভায় হাসপাতালের ডাক্তার, নার্সসহ, বক্ষব্যাধি হাসপাতালের পরিচালক ও অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউটে মাল্টিপারপাস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচনশেষে দোয়া করেন স্বাস্থ্যমন্ত্রী।