সাবেক সহকর্মীদের সঙ্গে সভায় সিইসি
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত : ১২:২৫ পিএম, ১৯ অক্টোবর ২০২২ বুধবার
গাইবান্ধা উপনির্বাচন বন্ধের পর পরামর্শ ও অভিজ্ঞতা বিনিময়ে সাবেক সহকর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন প্রধান নির্বাচন কশিমনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে শুরু হয়েছে এ সভা।
সভায় সাবেক সিইসি আব্দুর রউফ, কে এম নূরুল হুদা, কাজী রকিব উদ্দীন আহমদ, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহনেওয়াজ, সাবেক ইসি সচিব মোহাম্মাদ সাদিক, মোহাম্মাদ আবদুল্লাহ, সিরাজুল ইসলাম, হেলাল উদ্দীন আহমেদ, এম এম রেজা এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী ও মোখলেছুর রহমান অংশ নিয়েছেন।
সিইসির সভাপতিত্বে এ সভায় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, আনিছুর রহমান, মো. আলমগীর উপস্থিত রয়েছেন।
বর্তমান কমিশন কুমিল্লা সিটি নির্বাচনসহ স্থানীয় সরকারের অনেক নির্বাচন করেছে। বর্তমান কমিশনের অধীনে ইভিএমে ভোট হয়েছে। এছাড়া সিটি নির্বাচন ও পৌর নির্বাচনে সিসি ক্যামেরাও ব্যবহার করা হয়েছে। গত ১২ অক্টোবর গাইবান্ধা উপনির্বাচন হয়েছে। সেই নির্বাচনে সিসি ক্যামেরায় অনিয়মের অভিযোগে ভোটের মাঝ পথে তা বন্ধ করে কমিশন। এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনের সাবেক সহকর্মীদের মতামত নিতে চায় নতুন এ কমিশন।
ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয়ার পর অংশীজনের সঙ্গে সংলাপ হয়েছে। রোডম্যাপও ঘোষণা করা হয়েছে। এরইমধ্যে এক দফা সাবেক সিইসি ও নির্বাচন কশিমনাদের সঙ্গে বৈঠকও হয়েছে। সেই সভায় অংশগ্রহণমূলক ভোটের বিষয়ে পরামর্শও দেন তারা।
সবশেষ গত জুনের বৈঠকে সাবেক সিইসি, ইসি ও কর্মকর্তাদের অন্তত ২৮ জনকে আমন্ত্রণ দিলেও বৈঠকে অংশ নেন ১০ জন।
