পোশাককর্মীদের ওপর হামলা: শ্রমিক অধিকার পরিষদের নিন্দা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৯:৫৫ এএম, ৬ জুন ২০২২ সোমবার
মিরপুরসহ বিভিন্ন স্থানে পোশাক শিল্প শ্রমিকদের চলমান মজুরি বৃদ্ধির আন্দোলনের প্রতি সংহতি এবং তাদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ।
রোববার (৫ জুন) পরিষদের পক্ষ থেকে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ এক যৌথ বিবৃতি দেন।
বিবৃতিতে তারা বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির ফলে সর্বস্তরের শ্রমজীবী মানুষের বেঁচে থাকার প্রাণান্তকর প্রচেষ্টা আজ চরম সংকটাপন্ন। স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ আজ নিরব দুর্ভিক্ষের সম্মুখীন।
আন্দোলনরত শ্রমিকদের প্রতি সংহতি জানিয়ে তারা বলেন, এই অবস্থা থেকে উত্তরণে বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরি কাঠামো পুনঃনির্ধারণের কোনো বিকল্প নেই। মিরপুরসহ বিভিন্ন স্থানে পোশাক শিল্প শ্রমিকদের সর্বনিম্ন ২০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে চলমান আন্দোলন যৌক্তিক ও ন্যায়সঙ্গত।
‘বেঁচে থাকার এই মৌলিক দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর সরকারদলীয় সন্ত্রাসীদের হামলা-মামলা দুর্ভিক্ষপীড়িত শ্রমিক শ্রেণিকে দমিয়ে রাখতে পারবে না।’
এ সময় শ্রমিকদের মজুরি বৃদ্ধির ন্যায়সঙ্গত দাবি মেনে নিয়ে হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান এই দুই নেতা।
