মিতালী এক্সপ্রেসে ভ্রমণে যাত্রীদের স্বস্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১০:৫৪ এএম, ২ জুন ২০২২ বৃহস্পতিবার
অবশেষে ৫৭ বছর পর চালু হওয়া চিলাহাটি-হলদিবাড়ি রুটে দেশে এলো মিতালী এক্সপ্রেস ট্রেন। বুধবার (১ জুন) সকাল সাড়ে ৯টায় নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে আসা ট্রেনটি ঢাকার ক্যান্টনমেন্টে এসে পৌঁছায় রাত ১১টায়। নিরাপদে ভ্রমণ করতে পেরে খুশি যাত্রীরা।
রাজধানীর ক্যান্টনমেন্ট স্টেশনে সাইরেন বাজিয়ে পৌঁছায় মিতালী এক্সপ্রেস ট্রেন। যাত্রীর হুড়োহুড়ি নেই তবে উচ্ছ্বাস ছিল সবার চোখেমুখে।
মহামারি করোনাভাইরাস কাটিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে এবার তৃতীয় আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন মিতালী এক্সপ্রেস চলাচল বুধবার সকাল ৯টার দিকে অভিষেক হয়। যাত্রীরা বলছেন, প্রায় ১০ ঘণ্টার এই যাত্রা ছিল স্বস্তিদায়ক।
এক যাত্রী বলেন, রাস্তায় যে যানজটের কবলে পড়া অথবা সময় বেশি লাগা, ল্যাগেজ নিয়ে হ্যান্ডেলিং করা এসব কোনো সমস্যা হয়নি। ট্রেনে চেপে বসলাম আর চলে আসলাম। বাংলাদেশ-ভারতের ভ্রাতৃত্ববোধের যে উদ্বোধনী ট্রেন মিতাল এক্সপ্রেস চালু হওয়ায় আমরা খুব খুশি।
১২ জন যাত্রী নিয়ে আসা মিতালী এক্সপ্রেস ট্রেনের বেশিরভাগ বগি ছলি যাত্রীশূন্য। সেবার মান নিয়েও সন্তোষ ছিল সবার।
আরেক যাত্রী বলেন, আমাদের আগে আসতে দুদিন সময় লাগত। এখন আমরা দিনেই চলে আসতে পারলাম, সে জন্য আমরা খুবই খুশি। এদের সেবাও অনেক ভালো।
বাংলাদেশ থেকে সপ্তাহে দুদিন সোমবার এবং বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ির উদ্দেশে ছেড়ে যাবে মিতালী এক্সপ্রেস।
ট্রেনের এক কর্মকর্তা বলেন, বাংলাদেশের মানুষ অনেক দিন ধরেই চাচ্ছিল যে এ রকম একটা ট্রেন সেবা চালু হোক। আর আজ সেটাই হয়েছে।
১৯৬৫ সালে জলপাইগুড়িতে ভয়ংকর বন্যার পর রেলের ন্যারো গেজ লাইনের ক্ষতি হয়। এরপর থেকে জলপাইগুড়ি থেকে চিলাহাটি হয়ে বাংলাদেশ যাওয়ার ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
