মাঝ আকাশে বিয়ে করলেন খায়রুল-সানজিদা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০১:২৫ পিএম, ৩১ মে ২০২২ মঙ্গলবার
কানাডাপ্রবাসী দুই ভ্রমণপিয়াসী দেশে ফিরে বিয়ে করার সিদ্ধান্ত নেন। তবে বিয়েটা করতে চান একটু ভিন্নভাবে। উড়ন্ত বিমানে বিয়ে করবেন। সে পরিকল্পনা অনুযায়ী রোববার (২৯ মে) ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে মাঝ আকাশে বিয়ে করলেন তারা।
পাত্রের নাম খায়রুল হাসান ও পাত্রীর নাম সাউদা বিনতে সানজিদা। বিমানে বিয়ে পড়ানোর কাজিসহ দুই পরিবারের ১৬ জন সদস্য উপস্থিত ছিলেন।
জানা গেছে, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট বিজি ৬০৩-তে করে ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে মাঝ আকাশে বিয়ে হয়।
বাংলাদেশে এটিই প্রথম বিমানে বিয়ে এবং এটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহযোগিতায়।
মাঝ আকাশে বিমানে বিয়ে সম্পর্কে পাত্র খায়রুল হাসান বলেন, জীবনের এ স্মরণীয় মুহূর্তটাকে আরও স্মরণীয় করে রাখতে এ উদ্যোগ নিয়েছি। আসলে কানাডায় থেকে বাংলাদেশের রোড ট্রিপ খুব মিস করি। ঢাকা এসেই ঘুরেছি। এখন বাকি সময়টাও ঘুরে বেড়াব।
জানা গেছে, ঢাকা থেকে বিমান আকাশে উড্ডয়নের পরপরই বিয়ে পড়ান কাজি ওমর ফারুক। আর এতে দোয়ায় শরিক হন পুরো বিমানের সব যাত্রী। এ সময় বিমানে যাত্রীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। বিমানে বিয়ের আনুষ্ঠানিকতা সারতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে অনুমতি নেওয়া হয় এক মাস আগে।
নিয়ম অনুযায়ী অন্যসব যাত্রীর বিমানে আরোহণের পর নব দম্পতি বর-বধূ সাজে বিমানে ওঠেন। বোর্ডিং পাস থেকে শুরু করে যাত্রার পুরোটা সময় এক আনন্দমুখর পরিবেশ বিরাজ করে। বিয়ের পরপর অনেক যাত্রী এসে নবদম্পতিকে অভিনন্দন জানান। অনেকে এসে ছবি তোলেন নব দম্পতির সঙ্গে। বিকেলে সিলেটের লাক্কাতুরা চা-বাগান ঘুরে রাতে ঢাকায় ফেরেন তারা।
