রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৯ ১৪৩২   ০৫ রমজান ১৪৪৭

মাদক কেনাবেচার দায়ে যুবকের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত : ০৪:৩৯ পিএম, ৩০ মে ২০২২ সোমবার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক বেচাকেনার দায়ে ঠাণ্ডা মিয়া (৪০) নামে এক যুবকের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।

সোমবার (৩০ মে) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন।
আসামি ঠাণ্ডা মিয়া গোবিন্দগঞ্জের সাহাপুর এলাকার মৃত মনতাজ আলীর ছেলে। আটকের সময় তার শার্টের পকেট থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ঠাণ্ডা মিয়া দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

মামলার এজাহারের উল্লেখ আছে, ২০১৯ সালের ১৪ অক্টোবর সাহাপুর এলাকায় মাদক উদ্ধার অভিযানে নামে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। অভিযানে ঠাণ্ডা মিয়াকে তার বাড়ি থেকে ১০০ গ্রাম হেরোইনসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে। পরে ওই বছরের ৯ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর অ্যাড. ফারুক আহম্মেদ প্রিন্স জানান, এ ঘটনায় ওইদিন গোবিন্দগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে ঠাণ্ডা মিয়াকে আসামি করে একটি মাদক মামলা দায়ের করেন।

পিপি আরও জানান, দীর্ঘ শুনানি ও আট সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় ঠাণ্ডা মিয়াকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। এ ছাড়া তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয় বলে জানান তিনি।