রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৯ ১৪৩২   ০৫ রমজান ১৪৪৭

সাবেক এমপি নুরুল হক হাওলাদারের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত : ০৯:৫৭ এএম, ৩০ মে ২০২২ সোমবার

বিশিষ্ট রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য এ এফ এম নুরুল হক হাওলাদারের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ (সোমবার)।

এ উপলক্ষে নড়িয়া উপজেলা আওয়ামী লীগ, নড়িয়া পৌরসভা আওয়ামী লীগ ও নুরুল হক ফাউন্ডেশন তার গ্রামের বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে কবর জিয়ারত, কোরআনখানি, মিলাদ মাহফিল, স্মরণসভা ও বিশেষ দোয়ার আয়োজন করেছে। এছাড়া ঢাকায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’।

নড়িয়া আওয়ামী লীগের উপদেষ্টা ও ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জোবায়দা হক অজন্তার বাবা নুরুল হক ১৯৭৩ সালের ৩০ মে রাত ৮টায় আঁততায়ীর গুলিতে শহীদ হন।

নুরুল হক বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক যুগ্ম সম্পাদক মো. সাজ্জাদ হোসেনের শ্বশুর।
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার সালধ গ্রামে তার নিজ বাড়ির বৈঠকখানায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনাকালীন তাকে গুলি করে হত্যা করা হয়।

১৯৭৩ সালে অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অত্যন্ত তরুণ বয়সে নুরুল হক আওয়ামী লীগের মনোনয়নে নড়িয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে স্থানীয়ভাবে তিনি একজন সংগঠকের দায়িত্ব পালন করেন ও দেশকে স্বাধীন করতে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করেন।
জীবদ্দশায় তিনি স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত স্নেহভাজন ও ঘনিষ্ট সহচর। ১৯৬৯ এর গণঅভ্যূত্থানে ঢাকার রাজপথে সক্রিয় নেতৃত্বে ছিলেন নুরুল হক।