রাজধানীতে আবাসিক হোটেলে অসুস্থ হয়ে মাদরাসাশিক্ষকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০২:৪৩ পিএম, ২৬ মে ২০২২ বৃহস্পতিবার
রাজধানীর বংশালে একটি আবাসিক হোটেলে অসুস্থ হয়ে মো. মনিমুল ইসলাম (৪৮) নামে এক মাদরাসাশিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি নীলফামারীর জলঢাকার কাজিরহাট আলিয়া মাদরাসার প্রধান শিক্ষক।
বৃহস্পতিবার (২৬ মে) ভোরে বংশালের নবাবপুর রোডের আল ফালাহ হোটেলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে হোটেলের কর্মচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) নিয়ে যায়। সেখানে নেওয়ার পর সকাল সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত মমিনুল নীলফামারীর জলঢাকা থানার কাজিরহাট গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। তিনি দুই সন্তানের জনক।
আল ফালাহ হোটেলের ম্যানেজার মো. আসলাম জানান, বুধবার (২৫ মে) মমিনুল ইসলাম হোটেলের তৃতীয় তলার ৩৮ নম্বর কক্ষে ওঠেন। পরে তাকে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
মাদরাসাশিক্ষক মমিনুলের নাতনি নাফসি বলেন, আমার নানা মাদরাসার কাজে বুধবার ঢাকা আসেন। তিনি একটি হোটেলে উঠেছেন বলেও বাসায় জানান। বৃহস্পতিবার সকালে হোটেলের ম্যানেজার বাসায় ফোন করে জানান, নানা অসুস্থ হয়ে পড়েছেন। তাকে মেডিকেলে নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘আমরা দ্রুত ঢামেকে গিয়ে জানতে পারি, নানা মারা গেছেন। শুনেছি, হঠাৎ তার বুকে ব্যথা শুরু হয়েছিল। এ কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
