রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১০ ১৪৩২   ০৫ রমজান ১৪৪৭

চেক প্রতারণার ১৫ মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত : ০৫:৩৩ পিএম, ২৩ মে ২০২২ সোমবার

চট্টগ্রাম ও ঢাকায় ১৫টি চেক প্রতারণার মামলায় ৯টিতে সাজাপ্রাপ্ত আসামি আবদুল হককে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (২২ মে) সন্ধ্যায় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবদুল হক হালিশহরের আই ব্লকের ১ নম্বর লেনের ১৮ নম্বর বাড়ির মজিবুল হকের ছেলে। তার কাছ থেকে বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড, বিদেশি ডানহিল সিগারেট, চেকবই, আইপ্যাড ট্যাব, বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি, আইফোন ও অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, বিভিন্নজনকে নিজের কোম্পানির শেয়ার দেওয়ার নামে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করতেন আবদুল হক। ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন লোকের টাকা হাতিয়ে নিয়েছেন এই প্রতারক। এসব ঘটনায় ভুক্তভোগীদের চেক দিতেন আবদুল হক। পরে দেখা যেত ব্যাংকে কোনো টাকা নেই। তার বিরুদ্ধে এক কোটি ৩৫ লাখ টাকার ১৫টি চেক প্রতারণার মামলা রয়েছে। যার ৯টিতে ইতোমধ্যে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড হয়েছে।

তিনি বলেন, আবদুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।