উদ্যোক্তা উন্নয়নে প্রশিক্ষণ দেবে স্কিটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১০:১৪ এএম, ২৩ মে ২০২২ সোমবার
দেশের শিক্ষিত আগ্রহী উদ্যোক্তাদের জন্য সপ্তাহব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের আওতাধীন বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি)।
যারা শিল্পপ্রতিষ্ঠান বা ব্যবসা গড়ে তুলতে চান, তাদের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত মডিউল অনুযায়ী এ প্রশিক্ষণ কোর্সটি প্রণয়ন করা হয়েছে। আগামী ২৯ মে থেকে ২ জুন পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ। কোর্সটিতে সশরীরে উপস্থিত থেকে এবং ভার্চ্যুয়ালি (অনলাইনে) অংশগ্রহণ করা যাবে।
সশরীরে উপস্থিত থেকে অংশ নিতে ইচ্ছুক উদ্যোক্তাদের জন্য কোর্স ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার পাঁচশত টাকা এবং অনলাইনে অংশগ্রহণকারীদরে জন্য এক হাজার টাকা।
আগ্রহী উদ্যোক্তাদেরকে আগামী ২৯ মে সকাল সাড়ে ৯টার মধ্যে আবেদনসহ রেজিস্ট্রেশন করতে হবে। বিকাশ নম্বর: ০১৬৮৬-৩৯৫৪৫৯ (জুবায়ের ইসলাম), ০১৭১০-০১৩১৬১ (জোনায়েত হোসেন) এর মাধ্যমে কোর্স ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে।
প্রশিক্ষণ কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে মুনিরা মান্নান, সহকারী অনুষদ সদস্য, শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদ, স্কিটি, বিসিক, প্লট-২৪/এ, রোড-১৩/এ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা বরাবর যোগাযোগ করা যেতে পারে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এই লিংকে ঢুকে কোর্সটি সম্পর্কে জানা যাবে।
সফলভাবে কোর্স শেষ করার পর সরকারি সনদ ও সম্ভাবনাময় যোগ্য উদ্যোক্তাদেরকে বিসিকের নিজস্ব তহবিল এবং কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ প্রদানে সহায়তা করা হবে। সেই সঙ্গে শিল্প নিবন্ধন দেওয়া হবে।
