ধানবোঝাই ট্রাক্টর উল্টে শ্রমিক নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৫:৪০ পিএম, ২১ মে ২০২২ শনিবার
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলায় ধানবোঝাই ট্রাক্টর উল্টে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১১ শ্রমিক।
শনিবার (২১ মে) দুপুরে উপজেলার আমনুরা আঞ্চলিক সড়কের আতাহার নয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক শাজাহান আলী সদর উপজেলার রামচন্দ্রপুরহাট এলাকার মৃত সায়েদ দফাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধানসহ ১৭ শ্রমিক একটি ট্রাক্টরে রাজশাহীর তানোর থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরহাট এলাকায় যাচ্ছিলেন। দুপুরে আমনুরা আঞ্চলিক সড়কের আতাহার নয়ানগর এলাকায় ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে শ্রমিক মোহাম্মদ শাজাহান আলীর মৃত্যু হয় এবং আহত হন অন্তত ১১ শ্রমিক।
আহত শ্রমিকরা জানান, ট্রাক্টর থেকে ধানভর্তি বস্তা পড়ে যেতে থাকলে চালককে থামাতে বলেন তারা। এ সময় চালক ব্রেক করলে ট্রাক্টরটি উল্টে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, নয়ানগরে ট্রাক্টর উল্টে গিয়ে এক শ্রমিক নিহত ও ১১ শ্রমিক আহত হয়েছেন। আহতদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
