রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১০ ১৪৩২   ০৫ রমজান ১৪৪৭

গ্রেফতার কবির চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত : ০১:২৮ পিএম, ২১ মে ২০২২ শনিবার

লোহাগাড়ায় পুলিশ কনস্টেবলের কবজি বিচ্ছিন্ন করার ঘটনার প্রধান আসামি কবির আহমদকে (৩০) গ্রেফতারের পর তার বিরুদ্ধে আরও তিনটি মামলা করা হয়েছে।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গ্রেফতার কবির একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে।

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকার র‌্যাব-৭-এর ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, বৃহস্পতিবার রাতে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব গুলিবিদ্ধ অবস্থায় কবিরকে গ্রেফতার করেছে। এ সময় তার সহযোগী কফিল উদ্দিনকেও গ্রেফতার করা হয়। কবির এলাকায় ভূমি দখল, মাদক কারবারসহ নানা অপকর্মে জড়িত ছিলেন। তার অপকর্মের বিরুদ্ধে এলাকার কেউ প্রতিবাদ করলেই তার ওপর চড়াও হতেন কবির।

খন্দকার আল মঈন আরও জানান, ঘটনার পর কবির প্রথমে বান্দরবানের দক্ষিণ হাঙর এলাকায় গা-ঢাকা দেন। তার আত্মগোপনের বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেনে গেছে বলে আঁচ করতে পেরে তিনি সেখান থেকে লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় আত্মগোপন করেন।

সেখানে তার আত্মগোপনের বিষয়টি নিশ্চিত হয়ে তাকে ধরতে র‌্যাবের গোয়েন্দা শাখা ও র‌্যাব-৭ অভিযান চালায়। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কবির গুলি ছোড়েন। এতে র‌্যাবের সিপাহি মো. আকরাম আহত হন। র‌্যাবও গুলি চালায়।

এতে কবিরের পায়ে গুলি লাগে। এরপর কবির ও তার সহযোগী কফিলকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়। পুলিশের ওপর হামলায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়। চিকিৎসার জন্য কবিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। কবির ও কফিলের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মাদক ও অস্ত্র উদ্ধারের তিনটি মামলা করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, অবৈধ অস্ত্র, হত্যাচেষ্টা, মারধরসহ বিভিন্ন অভিযোগে কবিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে। কফিলের বিরুদ্ধে ছয়টির বেশি মামলা রয়েছে। তিনিও একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।