রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১০ ১৪৩২   ০৫ রমজান ১৪৪৭

পদ্মসেতু দেখে বিএনপির গাত্রদাহ হচ্ছে: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ১৯ মে ২০২২ বৃহস্পতিবার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মসেতু দেখে বিএনপির গাত্রদাহ হচ্ছে। দেশের মানুষ ভালো থাকলে ফখরুল সাহেবের মন খারাপ হয়ে যায় বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

গাজীপুরে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে এসেছিলেন বলেই আমরা মহাআকাশ জয় করতে করেছি, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।

স্থানীয় আওয়ামী নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শহীদ তাজউদ্দীন আহমদ, আহসান উল্লাহ মাস্টার, ময়জুদ্দীনের গাজীপুরে কেন দলীয় কোন্দল থাকবে। আগামি জাতীয় নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান তিনি। 

এসময়ে সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হক, প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুস রাজ্জাক, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ কেন্দ্রীয় নেতারা। 

শিল্প অধ্যুষিত এ জেলায় দীর্ঘ ১৯ বছর পর জাঁকজমকপূর্ণ সম্মেলন হচ্ছে। জেলা শহরের ঐতিহ্যবাহী রাজবাড়ী মাঠে বিপুলসংখ্য নেতাকর্মী যোগ দিয়েছেন।