কুমিল্লায় বিনা ভোটে কাউন্সিলর নির্বাচিত হচ্ছেন যারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১০:৫৪ এএম, ১৮ মে ২০২২ বুধবার
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সৈয়দ রায়হান আহমেদ ও ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জুর কাদের মনি বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন। যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ হলে দুজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হবেন।
মঙ্গলবার (১৭ মে) শেষ দিন মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ১২০ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৮ জন মনোনয়নপত্র দাখিল করেন।
তবে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ৫ নম্বর ওয়ার্ডে সৈয়দ রায়হান এবং ১০ নম্বর ওয়ার্ডের মঞ্জুর কাদের মনি কাউন্সিলর পদে বিনা ভোটে নির্বাচিত হচ্ছেন। মঞ্জুর হ্যাট্রিক বিজয়ী হতে যাচ্ছেন বলে জানা গেছে।
জানা গেছে, ৫ নম্বর ওয়ার্ডে সৈয়দ রায়হান আহমেদ তার বাবা চারবারের কাউন্সিলর সৈয়দ আবির আহমেদ ফটুর মৃত্যুতে ২০২১ সালের ২ নভেম্বর অনুষ্ঠিত উপ-নির্বাচনে আনোয়ার হোসেন মিঠুকে হারিয়ে বিজয়ী হন। এবার পূর্ণ মেয়াদে বিনা ভোটে নির্বাচিত হতে পারায় ৫ নম্বর ওয়ার্ডবাসী ও কুমিল্লা- ৬ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজি আ ক ম বাহাউদ্দীন বাহারের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
সৈয়দ রায়হান আহমেদ জানান, ওয়ার্ডবাসী ও সংসদ সদস্য তার প্রতি আস্থা রেখেছেন। তাদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা যেন রাখতে পারেন, সে জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি। অপরদিকে ১০ নম্বর ওয়ার্ডের সফল কাউন্সিলর মঞ্জুর কাদের মনি হ্যাট্রিক বিজয়ী হতে যাওয়ায় নিজ ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ও কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজি আ ক ম বাহাউদ্দীন বাহারের প্রতি কৃতজ্ঞতা জানান।
১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর কাদের মনি ২০১২ ও ২০১৭ সালে হেলাল উদ্দিন আহমেদকে হারিয়ে এবং ২০২২ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে হ্যাট্রিক বিজয় অর্জন করতে যাচ্ছেন।এক প্রতিক্রিয়ায় মঞ্জুর কাদের মনি বলেন, ‘জনগণের ভালোবাসা ও সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজি আ ক ম বাহাউদ্দীন বাহার ভাইয়ের প্রতি আমি ও আমার পরিবার চিরকৃতজ্ঞ।’
