সিলেটের কানাইঘাটবাসীর কষ্টের সমাধান কী!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১২:০২ পিএম, ১৭ মে ২০২২ মঙ্গলবার
বর্ষা এলেই উজানের ঢলে সুরমার পানিতে বিপদের মুখে পড়েন সিলেটের কানাইঘাট উপজেলাবাসী। সুরমার দুকূল উপচে এবং বাঁধ ভেঙে তছনছ করে দেয় জনপদ। এই অবস্থা থেকে মুক্তি পেতে নদী খনন চান ভুক্তভোগীরা। সমস্যা সমাধানে বরাদ্দ চান জনপ্রতিনিধি। আর জনপ্রতিনিধি সমস্যা সমাধানে পাঁচ বছর সময় চান।
ভারতের বরাক নদী সীমান্ত পেরিয়ে সুরমা নামে সিলেটের কানাইঘাট উপজেলা দিয়ে প্রবেশ করে। তাই বর্ষায় প্রথম ধাক্কাটা লাগে এখানেই। প্রতি বছরই সুরমা নদী বিপদসীমা অতিক্রমের সঙ্গে সঙ্গে পানি ঢুকে পড়ে হাট-বাজারসহ বিস্তীর্ণ জনপদে। এতে মানুষের ভোগান্তির শেষ নেই। স্থানীয়রা বলেন, প্রতি বছর হাজার হাজার দরিদ্র মানুষের ঘরবাড়ি ভেঙে যাচ্ছে। আমরা প্রতি বছর ক্ষতিগ্রস্ত হচ্ছি। কোনো সমাধান কেউ দিচ্ছে না।
শনিবার সুরমা নদীর পাঁচটি স্থানে বাঁধভেঙে এবং পাড় উপচে কানাইঘাট পৌরএলাকাসহ ৯টি ইউনিয়নে পানি প্রবেশ করে। কোমর পানিতে তলিয়ে যায় কানাইঘাট বাজার। এতে ভয়াবহ ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা। তারা বলেন, বারবার আমাদের বন্যা ক্ষতি করে দিচ্ছে। আমাদের ব্যবসা বন্ধ করে রাখতে হয়।
এই অবস্থা থেকে পরিত্রাণে নদী খনন চান উপজেলাবাসী। আর উপজেলা চেয়ারম্যান এ সংক্রান্ত প্রকল্প বাস্তবায়নে চান সরকারের সহযোগিতা। কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোমিন চৌধুরী বলেন, সুরমা নদীর নাব্য ফিরিয়ে দিতে নদী খননের বিকল্প নেই। নদী খননের জন্যে ১৮শ' কোটি টাকা যদি বরাদ্দ দেয় তাহলে আমরা বাঁচব।
তিন দিন ধরে কানাইঘাট বাজার পানিবন্দি থাকায় ৬০০ দোকানের ব্যবসায়ীরা বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির মধ্যে পড়েছেন।
