সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১০ ১৪৩২   ০৬ রমজান ১৪৪৭

মাদক উদ্ধারে গিয়ে হামলার শিকার তিন পুলিশ, ইউপি সদস্যসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত : ১০:১২ এএম, ১২ মে ২০২২ বৃহস্পতিবার

মাদারীপুরে মাদক উদ্ধার করতে গিয়ে মাদক কারবারিদের হামলায় আহত হয়েছেন এসআইসহ তিন পুলিশ সদস্য। এ সময় ডিবি পুলিশের ব্যবহৃত একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এমনকি গ্রেফতার হওয়া আসামিকে ছিনিয়েও নেওয়া হয়।

বুধবার (১১ মে) বিকেলে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের মধ্য-পেয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- জেলার গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) শরীফ আব্দুল রশীদ (৪২), সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিউল বাশার (৩২) ও  (এএসআই) মো. সজীব (৩২)।
 

এ ঘটনার পর অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- পেয়ারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সবুর খান, মধ্য-পেয়ারপুর গ্রামের বারেক কাজীর ছেলে রাহাদ কাজী, একই গ্রামের আবদুল হক খালাসীর ছেলে রফিকুল ইসলাম ও গফুর কাজীর ছেলে আক্কাস কাজী।
 
গোয়েন্দা পুলিশ ও স্থানীয়রা জানায়, পেয়ারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সবুর খানের বাড়ির পাশের পরিত্যক্ত ঘরে ইয়াবার একটি বড় চালান রেখে ব্যবসা পরিচালনা করে আসছে ওই এলাকার আলকেজ হাওলাদারের দুই ছেলে বিটু হাওলাদার ও ইব্রাহীম হাওলাদার। এমন সংবাদের ভিত্তিতে জেলার গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) শরীফ আবদুল রশীদের নেতৃত্বে একটি দল সবুর খানের বাড়িতে অভিযান চালায়। এ সময় ইব্রাহীম হাওলাদারকে মাদকসহ আটক করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা।
 
এ সময় ইউপি সদস্য সবুর খান অভিযানে আসা পুলিশদের ভুয়া পুলিশ আখ্যা দিয়ে হামলা চালিয়ে আটক হওয়া মাদক ব্যবসায়ী ইব্রাহীমকে ছিনিয়ে নেয়। পরে পুলিশের ওপর হামলাও করে মাদককারবারিরা। এতে ডিবির এসআই আবদুর রশীদসহ তিনজন আহত হয়। এ সময় ভাঙচুর করা হয় পুলিশের ব্যবহৃত একটি মোটরসাইকেল।
 
খবর পেয়ে ডিবি পুলিশের অতিরিক্ত একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় ঘটনাস্থল থেকে অভিযান চালিয়ে ইউপি সদস্য সবুর খানসহ চারজনকে আটক করে পুলিশ।
 
মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আল-মামুন বলেন, ডিবি পুলিশের ওপর হামলার ঘটনায় ইউপি সদস্যসহ ৪ জন আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।