হাঁসের ছানার বদলে আসছে ভারতীয় দামি মদ!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০১:০৯ পিএম, ১১ মে ২০২২ বুধবার
ভারতে হাঁসের ছানা পাচার করে দামি মদ আসার খবর পাওয়া গেছে। সীমান্তে পাচারের সময় ৩৮০টি হাঁসের ছানা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ছাড়া ওই হাঁসের ছানার বদলে ভারত থেকে আনা দামি ৯ বোতল মদও জব্দ করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১০ মে) বিজিবি ৫৫ ব্যাটালিয়নের একটি দল মৌলভীবাজারের শ্রীমঙ্গল সিন্দুরখান সীমান্ত থেকে মালামালসহ ওই যুবককে আটক করে। পরে তাকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়।
আটক যুবকের নাম হুমায়ূন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ঢলনগর এলাকার বাসিন্দা।
বিজিবি সিন্দুরখান ক্যাম্পের কমান্ডার সুবেদা মো. তফাজ্জল হোসেন জানান, অতি গোপনে প্রায় সময়েই ভারতে বিভিন্ন দ্রব্যপাচার ও সেইসঙ্গে ভারত থেকে মাদকসহ অবৈধ মালামাল নিয়ে আসতো একটি চক্র।
মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিন্দুরখান এলাকা থেকে মালামালসহ হুময়ূন নামে এক যুবককে আটক করা হয়। তবে এ চক্রের আরেক সদস্য পালিয়ে যায়।
