সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১০ ১৪৩২   ০৬ রমজান ১৪৪৭

খুলনায় চার লেন সড়ক: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে ৬৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত : ১১:৪০ এএম, ১১ মে ২০২২ বুধবার

খুলনা মহানগরীর অন্যতম প্রবেশপথ এই ময়লাপোতা সড়ক। ধীরগতিতে চলছে এ ময়লাপোতা থেকে জিরো পয়েন্টের চার লেনে উন্নীত করার কাজ। চলতি বছর এপ্রিলে প্রকল্পের সময় শেষ হলেও কাজ হয়েছে মাত্র ৬৫ শতাংশ।
এদিকে প্রকল্প ব্যয় ও সময় বাড়ানোর আবেদন করে মূল সড়কের কাজ বন্ধ করে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে দুর্ভোগে পড়েছেন সড়ক ব্যবহারকারীরা।


জানা যায়, যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় ২০২০ সালে ৪ কিলোমিটার এই সড়কটিকে চার লেনে উন্নীত করতে ৮০ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে কাজ শুরু করে সড়ক বিভাগ। চুক্তি অনুযায়ী চলতি বছরের ৭ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল সড়ক ও তার পাশের ড্রেন ও চারটি কালভার্ট নির্মাণও। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হলেও ৬৫ শতাংশ কাজ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

আর মূল সড়কের কাজ বন্ধ দীর্ঘদিন ধরে। সড়কের প্রায় ২ কিলোমিটার জায়গায় বালু ও পাথর ফেলে রাখা হয়েছে। ফলে যানবাহন চলাচলে ঝুঁকির পাশাপাশি ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের।

রাস্তার মধ্যে ওয়াসার লাইন, বিদ্যুতের খুঁটি স্থানান্তরসহ নানা কারণে মূল কাজ শুরুতে দেরি হয়েছে বলে জানান ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্সের সহকারী প্রকল্প ব্যবস্থাপক মো. রকিব উদ্দিন।


তিনি বলেন, বিটিসিএল, বাংলালিংক ও গ্রামীণের ক্যাবল আছে। তার কারণে আমাদের কাজের গতি ১০০ থেকে ৫০ এ নেমে এসেছে।

স্থানীয় সড়ক ও জনপথ অধিদফতরের অজুহাত প্রকল্পের কাজ শুরুর পর নির্মাণসামগ্রীর দাম বাড়ায় কাজে ধীরগতি।

খুলনা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ বলেন, সম্প্রতি কিছু দ্রব্যের মূল্যবৃদ্ধি পায়। এ ছাড়া সাপ্লাইয়ের ক্রাইসেস ও দেখা গেছে; বিশেষ করে পাথর। এ কারণে আমাদের কাজের একটু ধীরগতি ছিল। তবে এটা অনেকটাই কাটিয়ে উঠেছে।

প্রকল্পের মূল্য ও সময় বৃদ্ধি নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের আবেদনটি এখন মন্ত্রণালয়ে রয়েছে।