কুসিক নির্বাচন: আ.লীগের ১২ নেতার দলীয় ফরম সংগ্রহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১১:২৫ এএম, ১০ মে ২০২২ মঙ্গলবার
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ১২ নেতা দলীয় আবেদন ফরম সংগ্রহ করছেন। মনোনয়ন ফরম সংগ্রহের জন্য মঙ্গলবারসহ (১০ মে) আরও দুদিন সময় রয়েছে। এ সময় আবেদনকারীর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বুধবার (১১ মে) পর্যন্ত দলীয় আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ১৩ মে বিকেল সাড়ে ৪টায় আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড দলীয় মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে।
দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগে মনোনয়নপ্রত্যাশী দলীয় ফরম সংগ্রহকারী নেতাদের অন্যতম হলেন, তৃণমূলের একক প্রার্থী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। শনিবার বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডির দলীয় কার্যালয় থেকে তিনি ওই আবেদন ফরম সংগ্রহ করেন। দলীয় ফরম সংগ্রহকারী অপর নেতারা হলেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও কুমিল্লাজেলা পরিষদের সাবেক প্রশাসক মো. ওমর ফারুক, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য ও প্রয়াত আওয়ামী লীগ নেতা আফজল খানের বড় ছেলে মাসুদ পারভেজ খান, মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক সহসভাপতি (ভিপি) নূর উর রহমান মাহমুদ তানিম, মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কবিরুল ইসলাম শিকদার, মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পদ সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান মিঠু, মহানগর আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য সফিউর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান রুবেল, সাবেক পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্যামল চন্দ্র ভট্টাচার্য, রাউজান স্কুল অ্যান্ড কলেজের সাবেক জিএস কাজী ফারুক আহম্মেদ ও কেন্দ্রীয় উপকমিটির সদস্য শাহজাহান বিপ্লব ।
এদের মধ্যে অধিকাংশ নেতা তাদের আবেদন ফরম জমাও দিয়েছেন। ঢাকা ধানমন্ডি দলীয় সভানেত্রীর অফিস থেকে ২৫ হাজার টাকায় এ আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া হচ্ছে।
