এডিস মশার কামড়ে ২৪ ঘণ্টায় ২৬৫ রোগী হাসপাতালে ভর্তি
তরুণ কন্ঠ রিপোর্ট
প্রকাশিত : ০৯:১১ পিএম, ২৮ আগস্ট ২০২১ শনিবার
এডিসের কামড়ে একদিনে ডেঙ্গু আক্রান্তে সারাদেশে সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ২৬৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
শনিবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, চব্বিশ ঘণ্টায় ২৬৫ জন নতুন ডেঙ্গু রোগী সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকাতেই ২১৪ জন এবং ঢাকার বাইরের ৫১ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
এতে আরও বলা হয়, এখন দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ১১১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৬৭ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১৪৪ জন রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছরে ১ জানুয়ারি থেকে ২৮ আগস্টে ৯ হাজার ৫৬৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৪১৫ জন রোগী। এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
