বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৩ ১৪৩২   ১৭ শা'বান ১৪৪৭

পূর্বাভাসে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত : ১২:৪৭ পিএম, ৭ জুলাই ২০২১ বুধবার


দেশজুড়ে চলছে লকডাউন। লকডাউনের সাথে পাল্লা দিয়ে চলছে বৃষ্টি। থেমে থেমে টানা রিমঝিম বৃষ্টিতে বেড়েছে দেশজুড়ে নদ-নদীগুলোর পানি। ইতিমধ্যে উত্তরবঙ্গে বন্যার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে নতুন পূর্বাভাসে জানা গেছে দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, বর্ষাকালে সাধারণত মৌসুমি বায়ু সক্রিয় থাকে। এ কারণে সাধারণত আকাশে মেঘ দেখা দিলেই বৃষ্টি হয়ে থাকে। আজ রাতেও রাজধানীতে থেমে থেমে হালকা বৃষ্টি হতে পারে। আগামী দুই দিন তুলনামূলক অন্যান্য দিনের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
 
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আগামী ২৪ ঘণ্টার তাপমাত্রায় বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে ৬৪ মিলিমিটার।