শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৩ ১৪৩২   ১৮ শা'বান ১৪৪৭

সুন্দরবনে মৃত বাঘ উদ্ধার

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ২০ মার্চ ২০২১ শনিবার

সুন্দরবনের ভোলা নদীর চর থেকে একটি রয়েল বেঙ্গল টাইগারের মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার রাত সাড়ে ৮টায় শরণখোলা রেঞ্জের ভোলানদীর ধুনছেবাড়িয়া চরে মৃতদেহটি পায় শরণখোলা স্টেশনের বন রক্ষীরা।

মৃত বাঘটিকে শরণখোলা রেঞ্জ অফিসে রাখা হয়েছে। আজ ময়নাতদন্ত শেষে বাঘের মরদেহটি মাটিচাপা দেওয়ার কথা রয়েছে।

মৃত এই মাদী বাঘটি লম্বায় ৭ ফুট ও আনুমানিক বয়স ১৫ বছর। ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত কারণে মারা যেতে পারে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়মিত টহলের সময় বনরক্ষীরা ধুনছেবাড়িয়া চরে একটি মৃত বাঘ দেখতে পায়। পরে সেটি উদ্ধার করে রেঞ্জ অফিসে নেয়া হয়। বাঘটির শরীরে হালকা পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, দুই-তিনদিন আগে বাঘটির মৃত্যু হয়েছে। জোয়ারের পানিতে ভেসে চরে এসে আটকে পড়েছে।

তিনি আরও বলেন, বাঘটির শরীরে কোনও আঘাতের চিহৃ নেই। শরীরের কোন অঙ্গ-প্রতঙ্গও খোয়া যায়নি। এসব কারণে ধারণা করা হচ্ছে বার্ধক্যজনিত কারণে মারা যেতে পারে।

এই কর্মকর্তা জানান, শনিবার প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের সহায়তায় ময়নাতদন্ত শেষে মাটিচাপা দেওয়া হবে। মৃত্যুর সঠিক কারণ জানতে স্যাম্পল ঢাকাস্থ ফরেনসিক ল্যাবে পাঠানো হবে।