বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৮ ১৪৩২   ২৩ শা'বান ১৪৪৭

হাজীগঞ্জ বাজারে জনসংযোগে নৌকার প্রার্থী মেয়র লিপন

মো. হাসান

প্রকাশিত : ১২:৫২ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান মেয়র আ.স.ম. মাহবুব উল-আলম লিপন হাজীগঞ্জ বাজারে ব্যাপক গণসংযোগ করেছেন। গতকাল বুধবার দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে বাজার এলাকায় ব্যাপক প্রচার ও গণসংযোগ করেন। তিনি বাজারের সর্বস্তরের ব্যবসায়ী, কর্মচারী, শ্রমিক, পথচারী, বিভিন্ন পরিবহনের চালকসহ সর্বসাধারণের সাথে কুশল বিনিময় করেন এবং সবার খোঁজখবন নেন। এ সময় তিনি দোয়া চেয়ে নৌকা প্রতীকে ভোট প্রদানসহ সকলের সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, আসছে দিনগুলোতে আধুনিক পৌরসভা গড়ার লক্ষ্যে আমি বদ্ধপরিকর। অতীতে যেভাবে আপনারা আমাকে সহযোগিতা করেছেন, ভবিষ্যতে আপনাদের নিকট সেই সহযোগিতা পেতে চাই। আর আপনাদের সহযোগিতার ফলে নৌকার বিজয় সুনিশ্চিত হবে। ফলে নৌকা প্রতীকের বিজয়ের মাধ্যমে পৌরসভার উন্নয়ন আরও একধাপ এগিয়ে যাবে। নৌকা শান্তি এবং উন্নয়নের প্রতীক। গত পাঁচ বছরে হাজীগঞ্জ পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই এ উন্নয়নকে চলমান রাখতে আসন্ন পৌরসভা নির্বাচনে পুনরায় নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্যে তিনি পৌর নাগরিকদের প্রতি অনুরোধ জানান।


গণসংযোগকালে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জাকির মিয়াজী, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আহসান উল্যাহ মৃধা, উপজেলা তাঁতী লীগের সভাপতি আলী আজগর, পৌর তাঁতী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।