শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ২ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

মাদারীপুরে সংবাদ প্রকাশের জেরে, সাংবাদিকদের হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১২:৪২ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

মাদারীপুরে সংবাদ প্রকাশ হওয়ার জের ধরে সাংবাদিক বেলাল রিজভীসহ সাংবাদিকদের  ট্রাক চাপা দিয়ে হত্যার হুমকি দিয়েছে মিজানুর রহমান নামে এক তৃতীয় শ্রেনির কর্মচারী। এই ঘটনায় শনিবার মাদারীপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে,
 মাদারীপুরের রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী মিজানুর রহমানের মাদারীপুর শহরে ৪টি বাড়ি রয়েছে। এবিষয় নিয়ে মাদারীপুর থেকে প্রকাশিত দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকায় গত বৃহস্পতিবার ‘মাদারীপুর ৪ বাড়ির মালিক তৃতীয় শ্রেণির কর্মচারী’ এই শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়। এতে ক্ষুব্ধ হয়ে শনিবার দুপুরে মিজানুর রহমান ট্রাক চাপা দিয়ে প্রতিবেদক বেলাল রিজভীসহ সাংবাদিকদের  হত্যার হুমকি দেয়।

মিজান দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকার প্রকাশক শহিদুল কবির খোকন এর সামনে ,  দৈনিক কালবেলা পত্রিকার সাংবাদিক নাজমুল হকের সাথে এই সংবাদ সংক্রান্ত বিষয় নিয়ে উত্তাপ্ত বাক্য বিনিময় করেন। এসময় মিজান তার ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে  নাজমুল হক এর ছবি তোলে ও চিৎকার করে বলে, আমার নামে সংবাদ প্রকাশ এতোবড় সাহস, আমি সাংবাদিকদের   ট্রাক চাপা দিয়ে হত্যা করবো ।  বিষয়টি সাংবাদিকদের মাঝে জানাজানি হলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মাদারীপুরের সিনিয়র সাংবাদিক এমআর মর্তুজা বলেন, সংবাদ প্রকাশের জের ধরে হুমকি দেয়ার ঘটনা খুবই ন্যাক্কারজনক। আমরা এই কর্মচারীর শাস্তি দাবী করছি। প্রকাশিত সংবাদের ভুল বা অতিরঞ্জিত কিছু থাকলে তিনি মামলা করতে পারতেন। তিনি সেটা না করে হত্যার হুমকি দিয়েছেন। এটা বাক স্বাধীনতার পরিপন্থি।