সিসি ক্যামেরার আওতায় নীলফামারী জেলা
নীলফামারী প্রতিনিধিঃ
প্রকাশিত : ০৭:২৫ পিএম, ১ জানুয়ারি ২০২১ শুক্রবার
সাধারণ মানুষসহ ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, দমন ও অপরাধী শনাক্তের সুবিধার্থে গোটা জেলা ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি ক্যামেরা) আওতায় এনেছে নীলফামারী জেলা পুলিশ। শুক্রবার (১লা জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রন কক্ষের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টচার্য্য বিপিএম। এসময় উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) রংপুর রেঞ্জের সভাপতি মধুছন্দা ভট্টচার্য্য, নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, পুনাক নীলফামারী জেলা শাখার সভাপতি তাসমিয়া জান্নাত, সাধারণ সম্পাদক নাদিয়া আক্তার জাহান।
জেলা পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপারের নিজস্ব পরিকল্পনা ও তত্ত্বাবধায়নে পুরো নীলফামারী জেলাকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ইতোমধ্যে নীলফামারী জেলায় ১৬৫টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। যার মধ্যে জেলা শহরে ৫১টি ও সৈয়দপুর উপজেলায় ৪২টি ও জেলার অন্যান্য উপজেলাগুলোতে মোট ৭২টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম পিপিএম জানান, সাধারণ মানুষসহ ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, দমন ও অপরাধী শনাক্তের সুবিধার্থে পুরো জেলা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। কোনও অঘটন ঘটে গেলে তা শনাক্তে এসব ক্যামেরা আমাদের তদন্ত কাজে সহায়তা করবে। পুলিশের তদন্ত কাজে সহায়তার পাশাপাশি পুরো জেলাবাসী এর সুফল পাবেন।
তিনি আরো জানান,আমরা ইতোমধ্যে পুরো জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ১৬৫টি সিসি ক্যামেরা লাগিয়েছে। যদি প্রয়োজন পড়ে আমরা আরো ক্যামেরা লাগাবো।
এর আগে নীলফামারী সদর থানায় হীম ঘরের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টচার্য্য বিপিএম।
