মৃত্যুর মিছিলে আরও ৩০ জন, শনাক্ত ৮৩৪
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ২৬ ডিসেম্বর ২০২০ শনিবার
প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত এক দিনে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ৮৩৪ জন।
শনিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে কোভিড-১৯ পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।
নতুন শনাক্ত ৮৩৪ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৮ হাজার ৯৯ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ৩০ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৪২৮ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৬৮৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন হয়েছে।
বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ২০ জন, চট্টগ্রামে ৭ জন, খুলনায় ১ জন, রংপুরে ১ ও ময়মনসিংহে ১ জন রয়েছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৬০ বছরের ওপরে ২১ জন রয়েছেন।
