শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৩ ১৪৩২   ১৮ শা'বান ১৪৪৭

গ্রেফতারের প্রায় আট মাস পর বাড়িতে ফিরলেন ফটোসাংবাদিক কাজল

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত : ০১:২৮ পিএম, ২৬ ডিসেম্বর ২০২০ শনিবার

গ্রেফতারের প্রায় আট মাস পর জামিনে মুক্তি পেয়েছেন ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল। শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বাসায় ফেরেন তিনি।

গত ১০ মার্চ নিখোঁজ হন শফিকুল ইসলাম কাজল। ৩ মে বেনাপোলে তার খোঁজ পাওয়ার কথা জানায় আইনশৃঙ্খলা বাহিনী। সেখানেই তাকে গ্রেফতার দেখানো হয়।
 
গত ১০ মার্চ শফিকুল ইসলাম তার বকশিবাজারের বাসা থেকে দৈনিক পক্ষকাল কার্যালয়ের উদ্দেশে বের হন। হাতিরপুলের মেহের টাওয়ারের কার্যালয়ে পৌঁছান বেলা সোয়া ৪টার দিকে। পৌনে ৭টা থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তার স্ত্রী জুলিয়া ফেরদৌসী পরদিন চকবাজার থানায় নিখোঁজ হওয়ার সাধারণ ডায়েরি (জিডি) করেন। রাতে আদালতের হস্তক্ষেপে চকবাজার থানায় শফিকুল ইসলামের ছেলে মনোরম পলক অপহরণের মামলা করেন।

৫৪ দিন ‘নিখোঁজ’ থাকার পর গত ৩ মে ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের খোঁজ পাওয়া যায়। এর আগের দিন রাত ২টা ৪৮ মিনিটে ছেলে মনোরমের সঙ্গে বাবা শফিকুলের কথা হয়। বেনাপোল থানার একজন পুলিশ সদস্যের ফোন থেকে তিনি পরিবারের সঙ্গে কথা বলেন।

বেনাপোল থানার দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, রাতে বিজিবি এক ব্যক্তিকে তাদের কাছে দিয়ে যায়। পরে তারা জানতে পারেন, এই ব্যক্তিই নিখোঁজ ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল।

বেনাপোল থেকে গ্রেফতারের পর শফিকুলের বিরুদ্ধে প্রথমে ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলা করে পুলিশ। এরপর ডিজিটাল নিরাপত্তা আইনে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।