শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৩ ১৪৩২   ১৮ শা'বান ১৪৪৭

ভারতের কৃষকদের কম্বল পাঠাতে চান জাফরুল্লাহ

প্রকাশিত : ০২:৪৫ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

ভারতের দিল্লিতে শীতার্ত কৃষকদের জন্য কম্বল পাঠাতে চান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। এজন্য   অনুমতি চেয়ে ভারতীয় তিনি দেশটির হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীকে চিঠি দিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ডা. জাফরুল্লাহ চৌধুরীর পক্ষ থেকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু চিঠিটি বারিধারায় ভারতীয় হাইকমিশন অফিসে হস্তান্তর করেন।
 
চিঠিতে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘মি. বিক্রম, গণস্বাস্থ্য কেন্দ্র একটি দাতব্য ট্রাস্ট যা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় প্রতিষ্ঠিত হয়েছিল এবং তা বাংলাদেশের ফিল্ড হসপিটাল নামে পরিচিত ছিল। বাংলাদেশের ফিল্ড হসপিটাল তৎকালীন পূর্ব পাকিস্তান সীমান্তে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার বিশ্রামগঞ্জের মেলাঘরে অবস্থিত ছিল। পাকিস্তানের বিরুদ্ধে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ভারতের উদার সহযোগিতার জন্য আমরা ভারতের জনগণের কাছে কৃতজ্ঞ।
 
চিঠিতে তিনি আরও উল্লেখ করেছেন, ‘আমরা জানতে পেরেছি নয়াদিল্লিতে বর্তমানে তাপমাত্রা ৪ ডিগ্রির নিচে নেমে গেছে। এর ফলে সম্প্রতি ৩৭ জন কৃষক মারা গেছে। স্বাধীনতা যুদ্ধে সহযোগিতার কৃতজ্ঞতাস্বরুপ নয়াদিল্লিতে শীতার্ত কৃষকদের জন্য বাংলাদেশের গ্রামীণ তাঁতিদের হাতে তৈরি দুই হাজার কম্বল দিতে চাই। আগামী ৩০শে ডিসেম্বর অথবা আপনার সুবিধাজনক যেকোনো তারিখে নয়াদিল্লিতে শীতার্ত কৃষকদের জন্য আমাদের আন্তরিক উপহার গ্রহণ করলে কৃতার্থ হবো।’
 
সেপ্টেম্বরে ভারতের কৃষিখাত সংস্কারের লক্ষ্যে ৩টি কৃষি আইন পাস হয়।